অর্থনৈতিক প্রতিবেদক : পুঁজিবাজার থেকে প্রাথমিক গণপ্রস্তাবের (আইপিও) মাধ্যমে অর্থ সংগ্রহ করতে আসা অলিম্পিক এক্সেসরিজ লিমিটেড লটারির ফলাফল প্রকাশ করেছে।
বুধবার বিকেলে রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউট মিলনায়তনে কোম্পানিটির লটারির ফলাফল প্রকাশ করে।
এর আগে কোম্পানির আইপিওতে চাহিদার চেয়ে ৪৮ দশমিক ৪৬ গুণ আবেদন জমা পড়ে। ফলে কোম্পানির শেয়ার লটারিরর মাধ্যমে বিনিয়োগকারীদের বরাদ্দ দেয়ার হয়েছে।
কোম্পানির আইপিওতে ২০ কোটি টাকার বিপরীতে মোট ৯৬৯ কোটি ৩৯ লাখ ৭১ হাজার টাকার আবেদন জমা হয়েছে। এর মধ্যে গত ২৩ এপ্রিল পর্যন্ত প্রবাসী বিনিয়োগকারীদের কাছ থেকে ২ কোটি ৮৫ লাখ ৫৫ হাজার টাকা আবেদন জমা পড়েছে।
মোট আবেদনের ৫৬৩ কোটি ৬৮ লাখ ৯০ হাজার টাকা ব্যাংকের মাধ্যমে, ডিএসই স্টক ব্রোকারের মাধ্যমে ৩৩৭ কোটি ৬৮ লাখ ২১ হাজার টাকা, সিইসি স্টক ব্রোকারের মাধ্যমে ৫৮ কোটি ২০ লাখ ২৫ হাজার টাকা ও মার্চেন্ট ব্যাংকের মাধ্যমে ৬ কোটি ৯৬ লাখ ৮০ হাজার টাকার আবেদন গ্রহণ করেছে কোম্পানিটি।
কোম্পানিটি ১০ টাকা ফেস ভ্যালুতে ২ কোটি শেয়ার ছেড়ে পুঁজিবাজার থেকে ২০ কোটি টাকা সংগ্রহ করবে।
কোম্পানির আইপিও আবেদন ১৯ এপ্রিল থেকে শুরু হয়েছে। স্থানীয় বিনিয়োগকারীদের ২৩ এপ্রিল পর্যন্ত এবং প্রবাসী বিনিয়োগকারীদের জন্য ২ মে পর্যন্ত কোম্পানির আইপিও আবেদন জমা দেয়ার সুযোগ ছিল।
২০১৪ সালের ৩০ জুন সমাপ্ত বছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন অনুযায়ী কোম্পানির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ১ টাকা ৪৩ পয়সা এবং শেয়ার প্রতি সম্পদ মূল্য দাঁড়িয়েছে (এনএভি) ১৬ টাকা ৩৪ পয়সা।
বিএসইসির ৫৩৯তম কমিশন সভায় এ কোম্পানিটর আইপিও অনুমোদন দেয়া হয়েছে।

