আন্তর্জাতিক ডেস্ক : ইউক্রেনের রাষ্ট্রপ্রধান পেত্রো পোরোশেঙ্কো ইংরেজ গণমাধ্যম বিবিসিকে এক সাক্ষাতকারে জানিয়েছে, তার দেশ বর্তমানে রাশিয়ার সঙ্গে একটি সত্যিকার যুদ্ধে অবতীর্ণ হয়েছে। এবং রাশিয়ার কাছ থেকে আরও বড় ধরনের হামলা আসতে পারে। ইউক্রেনবাসীর পর্যাপ্ত প্রস্তুতি নিয়ে রাখা উচিৎ বলে মনে করেন পোরোশেঙ্কো। তিনি জানান, তার প্রতিপদ ভ্লাদিমির পুতিনকে তিনি একবিন্দু বিশ্বাস করেন না।
ইউক্রেনের পূর্বাঞ্চলে এ মুহূর্তে শক্তিশালী অবস্থানে রয়েছে রুশপন্থীরা। পশ্চিমা শক্তি ও ইউক্রেন সমসময়েই রাশিয়ার সহায়তার কথা বলে আসলেও তা অস্বীকার করে আসছে রাশিয়া। সর্বশেষ এক ‘রুশ গুপ্তচর’ ইউক্রেনীয় বাহিনীর হাতে ধরা পড়লেও রাশিয়া তার সঙ্গে সম্পর্কের কথা অস্বীকার করেছে। বলছে, ঐ ব্যক্তি বহু আগে থেকেই রুশ সেনাবাহিনী থেকে অব্যাহতিপ্রাপ্ত। তার সঙ্গে বর্তমান রাশিয়ার কোনো সম্পর্ক নাই। যদিও এমন যুক্তি মানতে নারাজ ইউক্রেন।
পোরোশেঙ্কো বলেন, ‘আমি এখন আর বিশ্বাস করি না আমরা বিচ্ছিন্নতাবাদীদের সঙ্গে লড়ছি। বরং নিশ্চিতভাবে জানি, লড়ছি সরাসরি রাশিয়ার বিরুদ্ধেই। আমাদের হাতে ধৃত সর্বশেষ সেনাটিই এর প্রকৃষ্ট উদাহরণ।’ আরও বলেন, ‘আমি মোটেও ভীত নই। আমার স্থির বিশ্বাস ওরা যুদ্ধের প্রস্তুতি নিচ্ছে। আমরাও প্রস্তুত । আমাদের ওপর চড়ে বসরা ক্ষুদ্রতম সুযোগও ওদের দিতে আমি রাজি নই।’
তবে আলোচনার ওপর আস্থাহীনতা এখনও পেয়ে বসেনি তাকে। এখনও মনে করেন, পুতিনের সঙ্গে আলোচনায় বসা যেতেই পারে। তবে প্রতিক্ষের রাজনৈতিক সদিচ্ছা বহু আগে থেকেই তার কাছে প্রশ্নবিদ্ধ।

