স্পোর্টস ডেস্ক : ভারতীয় ক্রিকেট বোর্ডে (বিসিসিআই) ইতোমধ্যে জোরেশোরে আওয়াজ উঠেছে সাবেক অধিনায়ক সৌরভ গাঙ্গুলীকে ভারতের ‘টিম ডিরেক্টর’ পদে বসানোর। সেই আওয়াজটাকে স্থায়ী রূপ দিতেই কি-না সর্বকালের অন্যতম সেরা টেস্ট ব্যাটসম্যান সুনিল গাভাস্কারও বলে দিলেন, ভারতীয় বোর্ড সৌরভকে সর্বোচ্চ কাজে লাগিয়ে সেরাটা আদায় করে নিতে পারে। তাহলে কি তিনি রবি শাস্ত্রীকে টিম ডিরেক্টর পদে দেখতে চাইছেন না?
এ প্রশ্নে জবাব গাভাস্কার দিয়েছেন একটু কৌশলে। তার ভাষায়,‘ সৌরভের অনেক দায়বদ্ধতা আছে। তার উপর ও সিএবি’র যুগ্ম সচিবও। যেখানে অনেক সময় ওকে দিতে হয়। সৌরভ যদি সময় দিতে পারে তাহলে ওকে বোর্ডের ব্যবহার করা উচিৎ। তাতে অনেক ইতিবাচক মানসিকতা আসবে দলে।’
অবশ্য ইতোমধ্যে বিসিসিআই সৌরভকে নতুন অ্যাডভাইসরি কমিটিতে গুরুত্বপূর্ণ পদে রাখার কথা ভাবছে। বোর্ড চাইছে সৌরভকে হাই-পারফরম্যান্স ম্যানেজার পদে রাখতে। এতে করে তিনি বিদেশের মাটিতে ভারত কিভাবে আরও বেশি বেশি সাফল্য তুলে আনতে পারে তার নীল-নকশা তৈরি করতে পারবেন।

