স্পোর্টস ডেস্ক : ফরাসি ওপেন যেন দরজায় কড়া নাড়ছে। তার আগে একটি ডব্লিউটিএ মাস্টার্স শিরোপা ফরাসি ওপেনের মত গ্র্যান্ড স্লামের জন্য কতবড় প্রস্তুতি, তা সব টেনিস তারকাই বোঝেন। সেই প্রস্তুতিটাই সেরে নিলেন মারিয়া শারাপোভা, একই সঙ্গে ইতালির রানির মুকুট পরে নিলেন এই রুশ টেনিস সুন্দরী।
২০১২ সালের পর আবারও ইতালিয়ান ওপেনের শিরোপা জিতলেন রুশ তারকা। রোববার ফাইনালে স্প্যানিশ তারকা কার্লা সুয়ারেজ নাভারোকে হারিয়ে শিরোপা পুনরুদ্ধার করেন তিনি।
বিশ্ব টেনিসের সাবেক নাম্বার ওয়ান (বর্তমানে তৃতীয়) এই তারকা ৪-৬, ৭-৫, ৬-১ গেমে হারান দশম বাছাই সুয়ারেজ নাভারোকে। ইতালিয়ান ওপেনে এটি মাশার তৃতীয় শিরোপা।
গত মওসুমে ফরাসি ওপেন জিতেছিলেন মারিয়া শারাপোভা। এরপরের সময়টা ভালো কাটছিল না তার। চোটের সঙ্গে নিয়মিতই লড়াই করতে হয়েছে তাকে। তবে ভেঙে পড়েননি মাশা। মাত্র দু’সপ্তাহ আগে রোম মাস্টার্সেও নিষ্প্রভ ছিলেন ২৮ বছর এই টেনিস সুন্দরী। কিন্তু ইতালিয়ান ওপেনেই ছন্দে ফেরাল শারাপোভাকে।
আগামী রোববার থেকে শুরু হচ্ছে মওসুমের দ্বিতীয় গ্র্যান্ডস্লাম টুর্নামেন্ট ফরাসি ওপেন। এই টুর্নামেন্টের বর্তমান চ্যাম্পিয়ন শারাপোভা। ফ্রেঞ্চ ওপেন শুরুর ঠিক আগে ইতালিয়ান ওপেনের শিরোপা জেতায় দারুণ উচ্ছ্বাসিত মাশা। আত্মবিশাস অনেকটা বাড়িয়েই প্যারিসে পাড়ি দেবেন তিনি।

