বিনোদন ডেস্ক : তাহসান ‘ব্ল্যাক’ ব্যান্ড ছেড়েছেন অনেকদিন হল। এরপর ২০১২ সালে তিনি ‘তাহসান অ্যান্ড দ্য সুফিজ’ নামের একটি ব্যান্ড গঠন করেন। নতুন খবর হল তাহসান আবারও নতুন একটি ব্যান্ড দল গঠন করেছেন। নতুন ব্যান্ডের নাম ‘তাহসান এন্ড দ্য ব্যান্ড’। নতুন এই ব্যান্ডের নতুন একটি গান আগামী রোজার ঈদে প্রকাশ করবেন বলে জানান তাহসান। ইতিমধ্যে গানটির কাজ শুরু হয়েছে। গানটি লিখেছেন তাজবীর তাজ। সংগীতায়োজন করেছেন ব্যান্ডের সদস্যরা মিলে। গানটিতে কণ্ঠ দেবেন তাহসান।
এ প্রসঙ্গে তাহসান বলেন, ‘এই গানটি দিয়েই ‘তাহসান এন্ড দ্য ব্যান্ড’ এর যাত্রা শুরু হচ্ছে। ‘গানটির কাজ শেষ পর্যায়ে। ইচ্ছে আছে গানটি মিউজিক ভিডিও আকারে প্রকাশ করার। তবে সময় স্বল্পতার জন্য যদি তা না পারি তবে শুধু অডিও আকারেই গানটি প্রকাশ করবো।’
উল্লেখ্য, এই গান ছাড়াও তাহসান এখন ব্যস্ত সময় পার করছেন ঈদের নাটকে অভিনয় করা নিয়ে। তবে ঈদে ক’টি নাটক প্রকাশিত হচ্ছে তা এখনই বলতে পারেননি তিনি। তবে তাহসান জানান তিনি অভিনীত প্রত্যেকটি নাটকেই তার একটি করে গান থাকছে যা হয়ত তাহসান ভক্তদের জন্য একটি সুখবরই বটে।

