স্পোর্টস ডেস্ক : রোববার লা লিগা ম্যাচে দুর্দান্ত এক হ্যাটট্টিক করে রিয়াল মাদ্রিদের হয়ে সর্বকালের সর্বোচ্চ্ গোলদাতার তালিকার আরও কাছাকাছি চলে আসলেন ক্রিশ্চিয়ানো রোনালদো। এসপানিওলের বিপক্ষে তিন গোল করে রিয়ালের হয়ে গোলসংখ্যায় এদিন কিংবদন্তী ডি স্টেফানোকে পেছনে ফেলেন সিআর সেভেন।
রোববার রোনালদো হ্যাটট্টিকে এসপানিওলকে ৪-১ গোলের বড় ব্যবধানে হারায় রিয়াল মাদ্রিদ। তবে অন্য ম্যাচে অ্যাটলেটিকোকে ১-০ গোলে হারিয়ে শিরোপা জয় করে বার্সেলোনা।
রোববারের ম্যাচটি রোনালদোর জন্য ছিল অম্ল-মধুর। অসাধারণ এক হ্যাটট্টিক করে ব্যক্তিগত পারফরম্যান্সে উজ্জ্বল থাকলেও এবারও রিয়ালকে লিগ শিরোপা জেতাতে ব্যর্থ হয়েছেন তিনি।
রোববার খেলার ৫৯ মিনিটে বাঁ পায়ের জোরালো শটে গোল করে রিয়ালকে এগিয়ে নেন রোনালদো। নির্ধারিত সময়ের খেলা শেষ হওয়ার সাত মিনিট আগে হাভিয়ের হার্নান্দেজের পাস থেকে বল পেয়ে ডান পায়ের শটে নিজের দ্বিতীয় গোর করেন সিআর সেভেন। ৯০ মিনিটের সময় বুলেট গতির হেডে নিজের হ্যাটট্টিক পূর্ণ করেন এই পর্তুগিজ সুপারস্টার।
চ্যাম্পিয়ন্স লিগের সেমিফাইনালের দ্বিতীয় লেগে এক গোল করার মধ্য দিযে রিয়ালের হয়ে গোলসংখ্যায় কিংবদন্ত ডি স্টেফানোকে স্পর্শ করেন রোনালদো। রোববার এসপানিওলের বিপক্ষে হ্যাটট্টিক করে স্টেফানোর চেয়ে ৩ গোল এগিয়ে যান তিনি।
ক্রিশ্চিয়ানো রোনালদো আপাতত রিয়াল মাদ্রিদের হয়ে ৩১০ গোল করে ডি স্টেফানোর চেয়ে ৩ গোল এগিয়ে রয়েছেন। সর্বোচ্চ ৩২৩ গোল নিয়ে সবার ওপরে রয়েছেন আরেক কিংবদন্তী রাউল গঞ্জালেস। আগামী মৌসুমেই রোনালদো রাউলকে ছাড়িয়ে যাবেন সেটা সহজেই অনুমেয়।
২০০৯ সালে ম্যানচেস্টার ইউনাইটেড থেকে রিয়াল মাদ্রিদের যোগ দেয়ার পর ৬ মৌসুমে মাত্র ২৯৯ ম্যাচে ৩১০ গোল করেন ক্রিশ্চিয়ানো রোনালদো। অন্যদিকে ৩২৩ গোল করতে রাউলকে খেলতে হয়েছে ৭৪১ ম্যাচ।
রিয়াল মাদ্রিদের সর্বোচ্চ গোলস্কোরার:
১. রাউল গঞ্জালেস: ৭৪১ ম্যাচে ৩২৩ গোল
২: ক্রিশ্চিয়ানো রোনালদো: ২৯৯ ম্যাচে ৩১০ গোল
৩: আলফ্রেড ডি স্টেফানো: ৩৯৬ ম্যাচে ৩০৭ গোল
৪: কার্লোস সান্তিলেনা: ৬৪৫ ম্যাচে ২৯০ গোল
৫. ফেরেঞ্চ পুসকাস: ২৬২ ম্যাচে ২৪২ গোল
রিয়ালের হয়ে রোনালদো গোল:
লা লিগা: ২২২
কোপা ডেল রে: ২১
সুপার কোপা: ৩
চ্যাম্পিয়ন্স লিগ: ৬২
সুপার কাপ: ২

