বিনোদন ডেস্ক : বর্তমান সময়ের বাংলা চলচ্চিত্রের আলোচিত নায়িকা মাহিয়া মাহি। সম্প্রতি তাকে নিয়ে বিভিন্ন ধরনের বিতর্কের কারণে ‘পুলিশগিরি’ এবং ‘নিয়তি’ ছবি থেকে তাকে বাদ দিয়েছে জাজ মাল্টিমিডিয়া। তার জায়গায় নতুন নায়িকা নেওয়া হবে বলে জানায় প্রতিষ্ঠানটি। শুধু এই দুটি ছবি নয় জাজের আর কোন ছবিতে দেখা যাবে না এ অভিনেত্রীকে।
অন্যদিকে জাজ মাল্টিমিডিয়া থেকে বাদ পড়লেও ভার্সেটাইল মিডিয়ার নতুন চারটি ছবিতে চুক্তিবদ্ধ হতে যাচ্ছেন মাহি। শিগগিরই এ বিষয়টির ঘোষণা দিবেন প্রযোজক আরশাদ আদনান।
জাজ মাল্টিমিডিয়ার কর্ণধার আব্দুল আজিজ বলেন, ‘মাহির জীবন-যাপন, স্ক্যান্ডাল ভিডিও প্রকাশ এবং একাধিক ব্যক্তির সঙ্গে সম্পর্কের জের ধরে চলচ্চিত্র মহলের বিব্রতকর অবস্থার পাশাপাশি জাজ মাল্টিমিডিয়াও বেশ অস্বস্তিতে পড়েছে। এমনকি দু’দিন আগে প্রযোজক আরশাদ আদনানের সঙ্গে মাহির গোপনে ভারতে আবকাশ যাপনের ঘটনা নিয়েও চলচ্চিত্র মহলে চাপা উত্তেজনা বিরাজ করছে। যার ফলে জাজ মাল্টিমিডিয়ার নিজস্ব সুনাম অক্ষুন্ন রাখতেই রাখতেই মাহিকে নিয়ে আর কোনো কাজ না করার সিদ্ধান্ত নিয়েছি। এখন থেকে মাহি জাজ-মাল্টিমিডিয়া প্রযোজিত কোনো ছবিতে অভিনয় করবেন না।’
এ ব্যপারে যোগাযোগ করা হলে মাহি বলেন, ‘আমাকে যদি জাজ তাদের ছবি থেকে বাদ দেয় তাতে আমার কোন অসুবিধা নেই। যা হবে ভালোর জন্য হবে। ভবিষ্যতে ভালো কিছুরই অপেক্ষায় আছি। আমাকে ভয় দেখানোর জন্য অথবা আমার চলচ্চিত্র ক্যারিয়ার ধ্বংস করার জন্য একটি চক্র কিংবা কোন ব্যক্তি উঠেপড়ে লেগেছে। তারা ভাবছেন, আমি এসবে ভয় পেয়ে তাদের কাছে আশ্রয় প্রার্থনা করব। তবে আমি মোটেও এসব নিয়ে ভাবছি না।’
তিনি আরও বলেন, ‘আমি জাজের প্রতি কৃতজ্ঞ। জাজের কারণে আমি আজ মাহি হতে পেরেছি। আজকে আমার যে চলচ্চিত্র ক্যারিয়ার এটার ৫০ ভাগ জাজ মাল্টিমিডিয়ার কারণে। ৩০ ভাগ আমার ভাগ্য এবং ২০ ভাগ আমার পরিশ্রম। আমি বিশ্বাস করতে চাই, জাজ মাল্টিমিডিয়া আমার শুভাকাঙ্ক্ষী।’
চলচ্চিত্র প্রযোজনা প্রতিষ্ঠান জাজ মাল্টিমিডিয়ার হাত ধরে ২০১২ সালে ‘ভালোবাসার রং’ ছবির মাধ্যমে চলচ্চিত্রে আসেন মাহি।

