স্পোর্টস ডেস্ক : রাজস্থান রয়্যালসের কাছে ৯ রানে হেরে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের চলতি আসর থেকে বিদায় নিল সাকিব আল হাসানের কলকাতা নাইট রাইডার্স। নিজেদের শেষ দুই ম্যাচে টানা হারের খেসারত দিয়ে শেষ চারের লড়াই থেকে ছিটকে পড়লো ডিফেন্ডিং চ্যাস্পিয়নরা।
শনিবার মুম্বাইয়ের ব্রাবোর্ন স্টেডিয়ামে রাজস্থানের করা ১৯৯ রানের জবাবে ১৯০ রানে আটকে যায় শাহরুখের খানের কলকাতা। ১৩ ওভার পর্যন্ত দুর্দান্ত ব্যাটিং করার পর শেষ দিকে খেই হারিয়ে ফেলে কলকাতার ব্যাটসম্যানরা। ফলে বিদায় নিতে হয় দুবারের চ্যাম্পিয়নদের।
রাজস্থানের করা ১৯৯ রানের জবাবে শুরতে দুর্দান্ত ব্যাটিং নৈপুণ্য উপহার দেন ইউসুফ পাঠান। তাকে যোগ্য সঙ্গ দেন আন্দ্রে রাসেল। এই দুজনের ব্যাটিংয়ে ১৩ ওভারে ৩ উইকেট হারিয়ে ১৩০ রান তুলে ফেলে কেকেআর। তবে ১৪তম ওভারের দ্বিতীয় বলে রাসেলের বিদায়ের পর হোঁচট খায় শাহরুখ খানের দল। নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকা সাকিবের দল আর মাথা উঁচু করে দাঁড়াতে পারেনি।
শেষ ২ ওভারে জয়ের জন্য কেকেআরের ৩৬ রান প্রয়োজন ছিল। উমেশ যাদব ১৯তম ওভারে ৩ চার ও ১ ছক্কায় ২০ রান করে জয়ের সম্ভাবনা জাগিয়ে তুলেছেন। শেষ ওভারে জয়ের জন্য ১৬ রান দরকার ছিল। কিন্তু ক্রিস মরিসের করা শেষ ওভারের প্রথম বলে সাকিব আউট হয়ে গেলে নির্ধারিত ২০ ওভারে ৯ উইকেটে ১৯০ রানেই থেকে যায় ডিফেন্ডিং চ্যাম্পিয়নরা।
কলকাতার হয়ে ইউসুফ পাঠান ৩৫ বলে ৪৪ ও আন্দ্রে্ রাসেল করেন ২০বলে ৩৭ রান। শেষদিকে উমেশ যাদব ১১ বলে ২৪ ও সাকিব আল হাসান ১১ বলে ১৩ রান করেন। জস্থানের হয়ে ক্রিস মরিস ৪টি এবং ধাওয়াল কুলকরনি ও শেন ওয়াটসন ২টি করে উইকেট লাভ করেন। জেমস ফকনার নেন ১ উইকেট।
এর আগে শেন ওয়াটসনের সেঞ্চুরিতে টসে জিতে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৫ উইকেট হারিয়ে ১৯৯ রান সংগ্রহ করে রাজস্থান। রাজস্থানের হয়ে শেন ওয়াটসন ৫৯ বলে ১০৪ রান করেন।তার ইনিংসটি ৯টি চার ও ৫টি ছক্কায় সাজানো ছিল।এছাড়া আজিঙ্কা রাহানে করেন ২২ বলে ৩৭ রান।
কলকাতার হয়ে আন্দ্রে রাসেল ৩২ রানে ৩ উইকেট লাভ করেন।একটি উইকেট নেন উমেশ যাদব। সাকিব আল হাসান ৪ ওভারের স্পেলে ৩৬ রান দিয়ে উইকেটশুন্য থাকেন।

