স্পোর্টস ডেস্ক : উসাইন বোল্টকে চ্যালেঞ্জেই জানালেন জাস্টিন গ্যাটলিন। ট্র্যাক অ্যান্ড ফিল্ডে এবং মুখে।
কাতারের দোহায় ডায়মন্ড লিগে ১০০ মিটার স্প্রিন্টে চ্যাম্পিয়ন হলেন যুক্তরাষ্ট্রের এই দ্রুততম মানব। সময় নিলেন ৯.৭৪ সেকেন্ড। যা তার নিজের ক্যারিয়ারের সেরা টাইমিং। দোহার মিটেও এটা রেকর্ড।
১০০ মিটার স্পিন্ট দৌড়ের ইতিহাসে যা যুগ্মভাবে ষষ্ঠস্থানে থাকবে। উসাইন বোল্ট নতুন মওসুম এখনও শুরু না করলেও আগস্টের বিশ্ব চ্যাম্পিয়নশিপে গ্যাটলিন যে তাকে কড়া প্রতিদ্বন্দ্বিতা ছুড়ে দেবেন, তা কিন্ত্ত স্পষ্ট।
দৌড় শেষ করে গ্যাটলিন সে জন্যই হয়তো বলেছেন, ‘এটা ওর (বোল্টের ) জন্য। আমি আজ আরও একটু ভালো সময়ে শেষ করতে চেয়েছিলাম। জানতাম, দৌড় শেষ করে আজ আমাকে সংবাদমাধ্যমের সামনে যেতে হবে এবং কিছু বলতে হবে। আমি ট্র্যাকে যা করেছি, আমার কোচ সেটাই আমাকে করতে বলেছিলেন।’
গ্যাটলিনের প্রতিদ্বন্দ্বীরা অনেকটাই পিছনে ছিলেন দোহায়। দ্বিতীয় স্থানে শেষ করেন মিশেল রজার্স (৯.৯৬ সেকেন্ড ) এবং কেস্টন ব্লেডম্যান (১০.০১ সেকেন্ড )।
চোটের জন্য ট্র্যাকে বোল্টের অনুপস্থিতির মধ্যে বিশ্বের দ্রুততম মানুষ হিসেবে বারবার উঠে এসেছেন জামাইকান অ্যাথলিটের চির প্রতিদ্বন্দ্বী গ্যাটলিন। বিশ্বপর্যায়ে যথেষ্ট পরিচিত নামী স্প্রিন্টারও বটে। নতুন বছরে যেন তার গতি উত্তরোত্তর বাড়ছে। প্রথম মিটের থেকেও এই মিটে উন্নতি করলেন তিনি।
২০১২ সালে লন্ডন অলিম্পিকে ১০০ মিটারে সোনা জিতেছিলেন বোল্ট। সে সময় তিনি ৯.৬৩ সেকেন্ডে দৌড় শেষ করেন। এর আগে তার ব্যক্তিগত সেরা ছিল বার্লিনে, ৯.৫৮ সেকেন্ড। কিন্ত্ত সম্প্রতি এই ফর্মের ধারে কাছেও নেই তিনি। ২০১৩ সালে বিশ্ব মিটে ১০০ মিটারে চ্যাম্পিয়ন হয়েছিলেন ৯.৭৭ সেকেন্ডে। গ্যাটলিন এই জায়গাতেই আঘাত করতে চাইছেন। ৯.৭৪ সেকেন্ডে দৌড় শেষ করে স্পষ্টতই সেই বার্তা দিয়ে রাখলেন তিনি।

