স্পোর্টস ডেস্ক : পাতানো ম্যাচের বিপক্ষে এত সতর্কতা, এতবেশি অভিযান সত্ত্বেও থেমে নেই জুয়াড়িরা। সর্বশেষ জাতীয় ক্রিকেট লিগেও (এনসিএল) ম্যাচ পাতানোর ঘটনা ঘটেছে। তবে সত্যি সত্যি পাতানো ম্যাচের কোন ঘটনা ঘটেছে কি না, সেটা তদন্ত করবে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
বিসিবি প্রেসিডেন্ট নাজমুল হাসান পাপন শনিবার জানিয়েছেন, ‘এনসিএলের সর্বশেষ রাউন্ডে পাতানো ম্যাচের যে অভিযোগ উঠেছে, তা তদন্ত করার জন্য একটি কমিটি গঠন করা হবে।’ অভিযোগ উঠেছে রংপুর বিভাগ এবং ঢাকা মেট্রোপলিসের মধ্যকার ম্যাচটি নিয়ে। রংপুর ওই ম্যাচে ১০২ রানে জয়ের সঙ্গে প্রথমবারেরমত এনসিএলের ট্রফিও জিতে নেয়।
বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন বলেন, ‘একটি টেলিভিশনের সঙ্গে সাক্ষাৎকারকালে বিসিবির টুর্নামেন্ট কমিটির চেয়ারম্যান আকরাম খান এ বিষয়ে কথা বলার পরই আমি এ প্রথম জানতে পারি। এরপরই আমি এ বিষয়ে বিস্তারিত জানাতে বলি। আমি বিশ্বাস করি, বিষয়টি ভালোভাবে তদন্ত হওয়া প্রয়োজন। কারণ, পাতানো ম্যাচ নিয়ে একটি অভিযোগও দায়ের করা হয়ে গেছে। এ জন্য একটি কমিটিও গঠন করবো আমরা।’
বিসিবি টুর্নামেন্ট কমিটিতে গত ১৯ মার্চ একটি অভিযোগ দায়ের করেন খুলনা বিভাগের কর্মকর্তারা। ওই অভিযোগের সঙ্গে খুলনার কর্মকর্তাদের সঙ্গে ঢাকা মেট্রোপলিশের কোচের সঙ্গে কথোপকথনের একটি রেকর্ডও জমা দেয়া হয়।
ফাইনাল রাউন্ড শুরুর আগে খুলনা, রংপুর এবং ঢাকা বিভাগ- এই তিন দলেরই সমান ৯৬ পয়েন্ট করে ছিল। ফাইনাল রাউন্ডের তৃতীয় দিনই চট্টগ্রাম বিভাগের বিপক্ষে এক ইনিংস ও ২৪ রানের ব্যবধানে জয় তুলে নেয় খুলনা। একই সঙ্গে খুলনার পয়েন্ট দাঁড়ায় ১২০-এ।
একই অবস্থায় খুলনার চেয়ে এগিয়ে থাকতে রংপুরের প্রয়োজন ছিল ২৫ পয়েন্ট। এ পয়েন্ট অর্জনের জন্য ম্যাচের শেষ এবং চতুর্থ দিন ঢাকা মেট্রোপলিশকে অলআউট করা প্রয়োজন হয়ে পড়ে রংপুরের। এ সময় ঢাকা মেট্রোপলিশের সামনে ৩৬১ রানের লক্ষ্য ছুড়ে দেয় রংপুর এবং দিনের তখন বাকি ছিল ৮০ ওভারের খেলা।
ঢাকা মেট্রো পলিশ ৮০তম ওভারে এসেই অলআউট হয় ২৫৮ রান করে। যখন রংপুর এবং ঢাকা মেট্রোপলিশের খেলা চলছিল তখন খুলনার ক্রিকেটার আবদুর রাজ্জাক ফেসবুকে একপি স্ট্যাটাস পোস্ট করেন। যেখানে তিনি ম্যাচ পাতানোর ব্যাপারে সন্দেহ পোষন করেন। তবে তিনি কোন দল কিংবা খেলোয়াড়ের নাম উল্লেখ করেননি। এমনকি স্ট্যাটাসটি পোস্ট করার কিছুক্ষণ পর তিনি সেটা মুছেও ফেলেন।
গত ১৪ মে, টুর্নামেন্ট কমিটির চেয়ারম্যান আকরাম খান ইংরেজি দৈনিক দ্য ডেইলি এইজকে বলেন, ‘এ বিষয়ে সবধরনের অভিযোগ এবং কাগজপত্র পাঠিয়ে দেওয়া হয়েছে বিসিবির ডিসিপ্লিনারি কমিটির কাছে। এরপর ডিসিপ্লিনারি কমিটিই পরবর্তী কার্যক্রম সম্পর্কে যথাসময়ে জানাবে। তারাই এ বিষয়ে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করবে।’

