স্পোর্টস ডেস্ক : ডানকান ফ্লেচার চলে যাওয়ার পর থেকেই ভারতের কোচ হওয়ার দৌড়ে বাতাসে উড়ছিল সাবেক দুই অধিনায়ক সৌরভ গাঙ্গুলী এবং রাহুল দ্রাবিড়ের নাম। আর ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) প্রেসিডেন্ট হওয়ার পর জগমোহন ডালমিয়াও খুব করে চাইছিলেন সৌরভ, দ্রাবিড় এবং শচীন টেন্ডুলকারের ক্রিকেট মস্তিষ্ককে কাজে লাগানোর। তবে নতুন খবর হলো ভারতীয় দলের হাইপারফরম্যান্স ম্যানেজার হতে যাচ্ছেন সৌরভ।
সৌরভের ঘনিষ্ঠ সূত্রের বরাত দিয়ে জি নিউজ জানাচ্ছে, সৌরভ ভারতীয় দলের হাইপারফরম্যান্স ম্যানেজার হতে রাজি হয়েছেন। গত বছর ইংল্যান্ড এবং অস্ট্রেলিয়া সফরে ভারতের পারফরম্যান্স ছিল হতাশাজনক। সৌরভের কাজ হবে বিদেশ সফরে টিম ইন্ডিয়ার সাফল্যর রেসিপি খুঁজে বের করা।
ভারতীয় বোর্ড চাইছে, টেন্ডুলকার এবং দ্রাবিড়কেও বড় দায়িত্ব দিতে। সেক্ষেত্রে টেস্ট-ওয়ানডের সর্বোচ্চ সেঞ্চুরির মালিকের কাঁধে পড়তে পারে জাতীয় ক্রিকেট একাডেমীর দায়িত্ব। ক্রিকেট অস্ট্রেলিয়ার সাথে চুক্তি করে জাতীয় ক্রিকেট একাডেমীকে হাইপারফরম্যান্স সেন্টারে পরিণত করতে চাচ্ছে ভারতীয় বোর্ড। টেন্ডুলকারের কাজ হবে পুরো বিষয়টি দেখভাল করা। তবে বিষয়টি নিয়ে আরও বিস্তারিত জানতে চান লিটল মাষ্টার। তারপরও বুঝেশুনে হ্যাঁ, না বলবেন।
আর দ্রাবিড়কে যে দায়িত্ব দেওয়ার কথা বলা হচ্ছে তা হলো তরুণ প্রতিভার উন্নতি ঘটানো। জাতীয় ক্রিকেট একাডেমীর প্রতিভা এবং অনুর্ধ্ব-১৯ দলের প্রতিভাবান ক্রিকেটারদের নিয়ে কাজ করতে বলা হয়েছে দ্রাবিড়কে। সাবেক এই ভারত অধিনায়ক বর্তমানে আইপিএলের দল রাজস্থান রয়্যালসের মেন্টর হিসাবে দায়িত্ব পালন করছেন।

