ঢাকাSaturday , 16 May 2015
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

নির্ধারিত সময়েই আসছে জিম্বাবুয়ে: শাহরিয়ার

Link Copied!

PCB-presidentস্পোর্টস ডেস্ক : জিম্বাবুয়ের পাকিস্তান সফর নিয়ে জল ঘোলা কম হয়নি। দীর্ঘ ৬ বছর পর প্রথম টেস্ট দল হিসেবে জিম্বাবুয়ের দলের পাকিস্তান সফর যখন প্রায় নিশ্চিত, বৃহস্পতিবার রাতে আচমকা ঘোষণা আসলো নিরাপত্তার কারণে সফরে আসতে চাচ্ছে না দেশটি।
পাকিস্তান সফর স্থগিত ঘোষণা করার ১৬ মিনিটের মাথায় ফের পাল্টা বিবৃতি দেয় জিম্বাবুয়ে ক্রিকেট (জেডসি)। আগের বিবৃতি প্রত্যাহার করে জেডসি জানায়, আসন্ন পাকিস্তান সফর বাতিল করা হয়নি। সফরের ব্যাপারে পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) সঙ্গে তাদের কথাবার্তা চলছে।
এদিকে শুক্রবার রাত দশটায় পিসিবি এক বিবৃতিতে বোর্ড প্রধান শাহরিয়ার খানের উদ্ধৃতি দিয়ে জানায়, জিম্বাবুয়ে ক্রিকেট বোর্ড নির্ধারিত সময়েই পাকিস্তান সফরে আসবে।
শাহরিয়ার খান বলেন, ‘গত রাতে (বৃহস্পতিবার) জিম্বাবুয়ে দল পাকিস্তান সফর স্থগিত করেছে বলে সংবাদ বের হয়। শুক্রবার জেডসির প্রধান উইলিয়াম ম্যানাস আমাকে ফোন করে জানিয়েছেন, তারা এখনও পাকিস্তান সফরে দল পাঠানোর জন্য প্রস্তুত রয়েছেন।’
তিনি আরও বলেন, ‘শুক্রবার সন্ধ্যায় জিম্বাবুয়ে ক্রিকেট বোর্ডের প্রধানের সঙ্গে আমার কথা হয়েছে। তারা নির্ধারিত সময়ে পাকিস্তান সফরে আসার ব্যাপারে এখনও ইতিবাচক। আমরা তাদের এই সিদ্ধান্তকে স্বাগত জানাই এবং পুনরায় তাদের পূর্ণ নিরাপত্তার আশ্বাস দিচ্ছি।’
২টি টি-২০ ও ৩ ম্যাচ ওয়ানডে সিরিজ খেলার জন্য আগামী ১৯ মে জিম্বাবুয়ে দলের পাকিস্তান সফরে আসার কথা। ২২ ও ২৪ মে টি-২০ ম্যাচ দুটিতে পাকিস্তান ও জিম্বাবুয়ে মুখোমুখি হবে। সফরের ওয়ানডে ম্যাচগুলো যথাক্রমে ২৬, ২৯ ও ৩১ তারিখে অনুষ্ঠিত হবে। নিরাপত্তার কারণে সফরের সবগুলো ম্যাচ লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে।
প্রসঙ্গত, ২০০৯ সালে সফরকারী শ্রীলংকা দলের টিম বাসে হামলার জের ধরে পাকিস্তানকে আন্তর্জাতিক ক্রিকেট থেকে নির্বাসিত করা হয়। ৬ বছর আগের ঘটনার পর প্রথম টেস্ট প্লেয়িং দেশ হিসেবে জিম্বাবুয়ে দল পাকিস্তান সফরে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে। দক্ষিণ আফ্রিকান দেশটির খেলোয়াড় ও কর্মকর্তাদের নিরাপত্তার জন্য ৬ হাজার নিরাপত্তাকর্মী নিয়োগ দেয়ার সিদ্ধান্ত নিয়েছে পিসিবি।