স্পোর্টস ডেস্ক : আসন্ন বাংলাদেশ সফরে একমাত্র টেস্ট ম্যাচে বিরাট কোহলি ভারতীয় দলকে নেতৃত্ব দেয়ার পর তিন ম্যাচ ওয়ানডে সিরিজে বিশ্রাম গ্রহণ করুক- এমনটাই চাচ্ছেন ভারতের সাবেক অধিনায়ক সুনিল গাভাস্কার।
আসন্ন বাংলাদেশ সফরের জন্য আগামী ২০ মে মুম্বাইয়ে ভারতীয় দল ঘোষণা করা হবে। গত বছরের নভেম্বর থেকে টানা ক্রিকেটের মধ্যে থাকা বিরাট কোহলি বাংলাদেশ সফরে না গিয়ে বিশ্রামে থাকার জন্য বোর্ডের কাছে আবেদন করেছেন বলে দেশটির এক প্রভাবশালী গণমাধ্যম জানায়।
তবে সাবেক অধিনায়ক সুনিল গাভাস্কারের চাওয়া, একমাত্র টেস্ট সিরিজে দলকে নেতৃত্ব দেয়ার পর ওয়ানডে সিরিজে বিশ্রামে থাকুক কোহলি।
গাভাস্কার বলেন, ‘আমি চাই সে (কোহলি) টেস্ট ম্যাচে খেলুক, তারপর ওয়ানডে সিরিজে বিশ্রামে থাকুক। আসলে বিরাটের মতো অশ্বিন ও উমেশ যাদবেরও বিশ্রাম প্রয়োজন। এই দুজন দীর্ঘ সময় ধরে টানা বোলিং করে যাচ্ছে। গত সাড়ে চার মাস ধরে তারা কঠোর পরিশ্রম করে আসছে। সুতরাং, তাদের বিশ্রাম্ একান্ত প্রয়োজন।’
মাহেন্দ্র সিং ধোনি টেস্ট ক্রিকেটকে বিদায় জানানোয বিরাট কোহলিকে বাংলাদেশের বিপক্ষে টেস্ট সিরিজে দেখতে পান গাভাস্কার। তবে কোহলির মতো, ধোনিকেও ওয়ানডে সিরিজে বিশ্রাম দেয়ার পরামর্শ দেন তিনি।
প্রসঙ্গত, একমাত্র টেস্ট ও তিনটি ওয়ানডে খেলতে আগামী ৭ জুন বাংলাদেশ সফরে আসবেভারতীয় ক্রিকেট দল। চলতি মাসের প্রথম সপ্তাহে ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড (বিসিসিআই) একপ্রেস বিজ্ঞপ্তিতে এই তথ্য নিশ্চিত করেছে।
আগামী ১০-১৪ জুন ফতুল্লার খান সাহেব ওসমান আলী স্টেডিয়ামে বাংলাদেশ ও ভারত একমাত্র টেস্ট ম্যাচে মুখোমুখি হবে।
মিরপুরের শের-ই বাংলা স্টেডিয়ামে সিরিজের ওয়ানডে তিনটি অনুষ্ঠিত হবে। ম্যাচ তিনটি যথাক্রমে ১৮, ২১ ও ২৪ জুন অনুষ্ঠিত হবে।

