স্পোর্টস ডেস্ক : ব্রাজিলিয়ান মিডফিল্ডার নাথানকে অ্যাটলেটিকো পারানানসে থেকে নিজেদের দলে ভিড়িয়েছে হোসে মরিনহোর চেলসি। মেডিক্যাল পরীক্ষায় উত্তীর্ণ হওয়ায় আগামী ১ জুলাই স্ট্যামফোর্ড ব্রিজের দলটিতে যোগ দিবেন ১৯ বছর বয়সী এই তরুণ মিডফিল্ডার।
চেলসিতে যোগ দিতে পেরে দারূণ উচ্ছ্বসিত নাথান। এই ব্রাজিলিয়ান বলেন, ‘চেলসিতে যোগ দিতে পেরে আমি অনেক আনন্দিত। আশা করি আমি এখানে অনেক কিছু শিখতে পারবো এবং আমার খেলার মানের উন্নতি ঘটাতে পারবো।’
র্যামিরেস, উইলিয়ান, অস্কার ও ফিলিপ লুইসের পর চেলসির বর্তমান দলে পঞ্চম ব্রাজিলিয়ান তারকা হিসেবে যোগ দিচ্ছেন নাথান। এছাড়া চেলসির তরুণ ব্রাজিলিয়ান তারকা ওয়ালেক ও লুকাস পিয়াজোঁ আপাতত লোনে অন্য ক্লাবে খেলছেন।
নাথানের পুরো নাম নাথান অ্যালান ডি সৌজাহাস। অনূর্ধ্ব-১৭ ও অনূর্ধ্ব-২০ দলের হয়ে ব্রাজিলকে প্রতিনিধিত্ব করেছেন তিনি। ২০১৩ সালের অনূর্ধ্ব-১৭ বিশ্বকাপের পাঁচ ম্যাচে ৫ গোল করেছেন এই ব্রাজিলিয়ান মিডফিল্ডার। সেবার টুর্নামেন্টের সেরা একাদশে জায়গা পান তিনি।

