স্পোর্টস ডেস্ক : শেন ওয়ার্ন ক্রিকেটকে বিদায় বলেছেন অনেক আগে। শচীন টেন্ডুলকারও ব্যাট-প্যাড তুলে রেখেছেন। দুই কিংবদন্তির খেলা দেখার সৌভাগ্য আবার হতে যাচ্ছে ওয়ার্ন-টেন্ডুলকার ভক্তদের। শুধু তারাই নন, তাদের সঙ্গে আরও অনেকেই খেলবেন। যারা ক্রিকেটের সঙ্গে বাধনটা ছিন্ন করেছেন।
অস্ট্রেলিয়ার পত্রিকা ‘দ্য অস্ট্রেলিয়ান’ এই খবর দিয়ে জানিয়েছে, চলতি বছরের শেষের দিকে সাবেক তারকাদের নিয়ে ‘ক্রিকেট অল স্টারস লিগ’ নামের একটি টি-২০ ক্রিকেট লিগ চালু হতে পারে।
ওই পত্রিকায় আরও বলা হয়েছে, টুর্নামেন্টটির মূল পরিকল্পনায় আছেন টেস্ট-ওয়ানডের সর্বোচ্চ সেঞ্চুরির মালিক টেন্ডুলকার এবং লেগ স্পিনকে শিল্পের পর্যায়ে নিয়ে যাওয়া ওয়ার্ন। প্রায় সাড়ে তিন বছর ধরে চলবে এ লিগ। টুর্নামেন্টের ১৫ ম্যাচ খেলতে সাবেক ২৮ জন ক্রিকেটারকে প্রস্তাব দিয়েছেন টেন্ডুলকার-ওয়ার্ন।
জানা গেছে, এই টুর্নামেন্টে খেলার প্রস্তাব পেয়েছেন ব্রেট লি, অ্যাডাম গিলক্রিস্ট, জ্যাক কালিস, গ্লেন ম্যাকগ্রা, মাইকেল ভন, অ্যান্ড্রু ফ্লিনটফের মতো সাবেক তারকারা। প্রতি ম্যাচের জন্য খেলোয়াড়েরা পাবেন ২৫ হাজার মার্কিন ডলার।
পত্রিকাটি জানায়, এ বছরের সেপ্টেম্বরে যুক্তরাষ্ট্রের শিকাগো, নিউইয়র্ক এবং লস অ্যাঞ্জেলসে হতে পারে এ লিগ। বর্তমানে ওয়ার্ন আছেন ইংল্যান্ডে। তিনি এ টুর্নামেন্টটির ব্যাপারে বেশ সক্রিয়ভাবেই নাকি প্রচারণা চালাচ্ছেন।

