স্পোর্টস ডেস্ক : বার্সেলোনায় লিওনেল মেসির মতো তারকা না থাকলে নেইমার নিশ্চিত দলের সেরা তারকায় পরিণত হতেন। তবে মেসির উপস্থিতিতেও বেশ কয়েক ম্যাচে পার্শ্বনায়ক থেকে নায়কের ভূমিকায় অবতীর্ণ হচ্ছেন তিনি। নিজের প্রতি আলো কেড়ে নিচ্ছেন এই ব্রাজিলিয়ান সুপারস্টার। দুর্দান্ত পারফরম্যান্স উপহার দিয়ে তিনি আগামীর বড় তারকা হওয়ার আবেদন আরও জোরালো করছেন।
মঙ্গলবার চ্যাম্পিয়ন্স লিগের সেমিফাইনালের দ্বিতীয় লেগে বায়ার্ন মিউনিখের বিপক্ষে জোড়া গোল করেন নেইমার। দলের হয়ে গোলের সূচণাও করেন তিনি। চলতি মৌসুমে সব ধরনের প্রতিযোগিতামূলক ১৪ ম্যাচে দলের হয়ে গোলের সূচণা করেন এই ব্রাজিলিয়ান সুপারস্টার, যা মেসির চেয়ে এক ম্যাচ বেশি।
নেইমারের দুর্দান্ত পারফরম্যান্স বোঝাতে একটি তথ্যই যথেষ্ট। বার্সেলোনার হয়ে খেলা সর্বশেষ ৭ ম্যাচেই গোল করেন তিনি। চ্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টার ফাইনালের দ্বিতীয় লেগে পিএসজির বিপক্ষের ম্যাচ থেকে গোলের শুরু নেইমারের। বায়ার্ন মিউনিখের বিপক্ষে সেমিফাইনালের দুই লেগেই গোল করেন এই ব্রাজিলিয়ান তারকা। লিগ ম্যাচে এসপানিওল, গেটাফে ও কর্দোবার বিপক্ষেও গোলের দেখা পান তিনি।
চলতি মৌসুমের চ্যাম্পিয়ন্স লিগে ক্রিশ্চিয়ানো রোনালদো সমান ৯ গোল করে ফেলেছেন নেইমার। সংখ্যাটা মেসির গোলের চেয়ে এক কম। সব ধরনের প্রতিযোগিতামূলক ম্যাচে চলতি মৌসুমে ৩৭ গোল করে ফেলেছেন নেইমার। বার্সেলোনার হয়ে স্যামুয়েল ইতোর করা ৩৬ গোলের রেকর্ড ভেঙে দেন তিনি।

