স্পোর্টস ডেস্ক : সাম্প্রতিক সময়ে তাদের নিয়ে আলোচনাটা বেশ তুঙ্গে। কে সেরা, লিওনেল মেসি না ক্রিশ্চিয়ানো রোনালদো। বার্সা ও রিয়ালের এই দুই তারকা ফুটবলার নিয়ে তর্কের শেষ নেই। কেউ মেসি, কেউবা রোনালদোর প্রশংসায় পঞ্চমুখ। তবে নিখাদ ফুটবল প্রেমীরা মাঝে মধ্যে সুষম আলোচনাও করে থাকেন। ভিন্ন আঙ্গিকে দুজনকেই সেরা বলেন অনেকে।
এই যেমন লুইস সুয়ারেজ। বার্সেলোনায় মেসি তার সতীর্থ। এক সঙ্গে কাঁধে কাধ মিলিয়ে খেলেন মাঠে। খুব কাছ থেকেই কিছুদিন ধরে দেখছেন মেসিকে। আবার প্রতিপক্ষ হিসাবে রোনালদোর মুখোমুখিও হয়েছেন উরুগুয়েন এই স্ট্রাইকার। সব মিলিয়ে সুয়ারেজের দর্শনটা বেশ বাস্তবসম্মত।
সুয়ারেজের মতে, লিওনেল মেসি জন্মগতভাবেই গ্রেট। রোনালদোও গ্রেট, তবে তাকে কঠোর পরিশ্রম করে এই পর্যায়ে আসতে হয়েছে।
এক সাক্ষাতকারে লুইস সুয়ারেজ বলেছেন, ‘মেসির প্রতিভা সহজাত। এটাই তার বৈশিষ্ট্য। সে বিশ্বের সেরা একজন খেলোয়াড়। সে সব প্রতিভা নিয়েই জন্মেছে’ ।
রোনালদো প্রসঙ্গে সুয়ারেজের মূল্যায়ন, ‘রোনালদোও দুর্দান্ত গতিতে এগিয়ে যাচ্ছে। তবে এই পর্যায়ে আসতে তাকে অনেক পরিশ্রম ও অধ্যাবসায় করতে হয়েছে।’
কে সেরা, এমন প্রশ্নে কৌশলী উত্তর বেছে নিয়েছেন সুয়ারেজ। তিনি বলেন, ‘দুজনেই এক লেভেলে নয়। মেসির চেয়ে আগে অভিষেক হয়েছে রোনালদোর (ক্লাব ও জাতীয় দল)। সেই হিসাবে বলব মেসিই সেরা।’

