স্পোর্টস ডেস্ক : লিওনেল মেসি ও ক্রিশ্চিয়ানো রোনালদোর মধ্যে কে সেরা- সেই বিতর্ক অহেতুক জানিয়ে ফুটবল কিংবদন্তী দিয়েগো ম্যারাডোনা জানান, দুজনই সমান মানের খেলোয়াড়।
গত ছয় বছরের মতো এবারও লিওনেল মেসি ও ক্রিশ্চিয়ানো রোনালদোর মধ্যে ব্যক্তিগত লড়াই বেশ জমে উঠেছে। চলতি মৌসুমের প্রতিযোগিতামূলক ম্যাচে মেসি ৫৩ গোল করেছেন। রোনালদো করেছেন তার চেয়ে একটি বেশি।
ফলে আর্জেন্টাইন ও পর্তুগিজ সুপারস্টারের মধ্যে একটা তুলনা চলে আসছে। তবে ম্যারাডোনা এই বিতর্ককে অনর্থক বলে অভিহিত করেন।
স্কাই স্পোর্টসকে দেয়া এক সাক্ষাৎকারে ম্যারাডোনা বলেন, ‘মেসি রোনালদোর চেয়ে সেরা বা রোনালদো মেসির চেয়ে সেরা-আমি এটা মনে করি না। আমি মনে করি, তারা দুজনই সমান মানের।’
রোনালদোর প্রশংসা করে আর্জেন্টিনার এই কিংবদন্তী বলেন, ‘ক্রিশ্চিয়ানো গোলমুখে বেশ দানবীয়। মাঝমাঠের কোনো জায়গা থেকেই আপনি তাকে শট নেয়ার সুযোগ দিতে চাইবেন না। সত্যি বলতে কী, গোলরক্ষকরা তাকে নিয়ে ভীত থাকে। তারা (গোলরক্ষকরা) মাঝমাঠের পরের অংশে রোনালদোকে যতোটা ভয় পায় মেসিকে ঠিক ততোটা পায় না, কেননা, রোনালদোর মতো মেসির বুলেট-গতির শট নেয়ার শক্তি নেই।’
‘ক্রিশ্চিয়ানো অবিশ্বাস্য খেলোয়াড়। আমি মনে করি, বর্তমান সময়ে সে মেসির মতো সমান মানের খেলোয়াড়’- যোগ করেন তিনি।

