স্পোর্টস ডেস্ক : প্রতিপক্ষের রক্ষণভাগে তিনি মূর্তিমান আতংক। দুর্দান্ত ড্রিবলিং, নয়নকাড়া চিপে ভূপাতিত করেন ডিফেন্ডারসহ গোলরক্ষককে। আর তাই লিওনেল মেসিকে থাকাতে নিরন্তর ছক কষে যান প্রতিপক্ষের কোচরা। তারপরও কি মেসিকে রুখতে পারা যায়? কিভাবে মেসিকে থামানো যায় তার কৌশল অবশ্য বাতলে দিয়েছেন ইতালির সাবেক ফুটবলার জেনারো গাত্তুসো।
গত বুধবার রাতে বিস্ময়কর দুটি গোল দেয়ার পর মেসি নতুন করে আলোচনায়। চ্যাম্পিয়ন্স লিগের সেমিফাইনালের প্রথম লেগে ন্যু ক্যাম্পে বার্সেলোনা মুখোমুখি হয়েছিল জার্মান জায়ান্ট বায়ার্ন মিউনিখের। যেখানে মেসির জোড়া গোলে বার্সা জিতেছিল ৩-০ ব্যবধানে। মেসির দ্বিতীয় গোলটি ছিল মনোমুগ্ধকর ও বিস্ময়জাগানিয়া। জেরোমে বোয়েটাংকে এমন ডজ দিয়েছিলেন মেসি, যে মাটিতে লুটিয়ে পড়েছিলেন বায়ার্ন ডিফেন্ডার।পরে মেসির আলতো চিপ, বল জালে, বোকা বনে যান বায়ার্ন গোলরক্ষক ম্যানুয়েল নয়্যার।
ঐ গোলের পর মেসিকে নিয়ে প্রশংসায় মুখর গোটা ফুটবল বিশ্ব। এই তালিকায় যোগ হয়েছেন ইতালি ও এসি মিলানের সাবেক ডিফেন্ডার গাত্তসো। মেসিকে প্রশংসায় ভাসানোর পর কৌতুক করে তার থামানোর কৌশলও বলেছেন তিনি।
এক সাক্ষাতকারে গাত্তুসো বলেছেন, ‘কিভাবে তাকে (মেসি) থামাবেন? আমি জানি না কোচ ও খেলোয়াড়রা কী করবে। হতে পারে ম্যান মার্কিং। তবে তাকে ছোট্ট করে লাথিও মারতে পারেন।’

