স্পোর্টস ডেস্ক : মোহাম্মদ শহিদকেই সবার আগে অভিনন্দিত করা উচিৎ পাকিস্তানি ব্যাটসম্যান আজহার আলির। মাত্র ১৪ রানে থাকা অবস্থায় মোহাম্মদ শহিদ যদি ওই ‘নো’ বলটি না দিতেন, তাহলে আর ক্যারিয়ারে প্রথম ডাবল সেঞ্চুরির দেখা পাওয়া হতো না বাংলাদেশ সফরে মিস্টার ধারাবাহিকে পরিণত হওয়া এই ব্যাটসম্যান।
১৪ রানে অবিশ্বাস্যভাবে জীবন পেয়েছিলেন। এরপর তর তর করে এগিয়ে গেলেন পাকিস্তানি এই টপ অর্ডার। গতকালই তাইজুল ইসলামকে বাউন্ডারি মেরে ক্যারিয়ারে ৮ম সেঞ্চুরির মাইলফলক স্পর্শ করেন তিনি।
সেঞ্চুরির পরও থেকে থাকলেন না। ধীরে ধীরে এগিয়ে গেছেন। তার সঙ্গে সেঞ্চুরি করা অপর ব্যাটসম্যান ইউনিস খান আউট হয়ে গেলেও টিকে আছেন আজহার আলি। শেষ পর্যন্ত সাকিব আল হাসানকে ছক্কা মেরে ক্যারিয়ারে প্রথম ডাবল সেঞ্চুরির স্বপ্ন ছুঁয়ে ফেললেন পাকিস্তানের ওয়ানডে অধিনায়ক।
৪০৬ বল খেলে ম্যাজিক্যাল ফিগারে পৌঁছান আজহার আলি। ১৯টি বাউন্ডারি এবং একটি ছক্কা মেরে ডাবলের মাইলফলক স্পর্শ করেন তিনি। এরপর ইনিংসের সঙ্গে আরও ২৬ রান যোগ করেন আজহার। ৪২৮ বল খেলে ২০টি বাউন্ডারি আর ২টি ছক্কায় ২২৬ রান করে শুভাগত হোমের বলে মাহমুদুল্লাহ রিয়াদের হাতে ক্যাচ দিয়ে সাজ ঘরে ফেরেন আজহার।
বাংলাদেশ সফরের শুরু থেকেই বেশ ধারাবাহিক পাকিস্তানের এই ওয়ানডে অধিনায়ক। খুলনা টেস্টে ৮৩ রান করেছিলেন তিনি। ওয়ানডে সিরিজেও প্রথম ম্যাচে ৭২, দ্বিতীয় ম্যাচে ৩৬ এবং শেষ ম্যাচে খেলেন ১০১ রানের ইনিংস। সফরের শেষটা তিনি রাঙালেন ২২৬ রানের ইনিংস খেলে।

