স্পোর্টস ডেস্ক : ২০১২ সালে বার্সেলোনার দায়িত্ব ছাড়ার পর প্রথমবারের মতো ন্যু-ক্যাম্পে ফিরছেন পেপ গার্দিওলা। চ্যাম্পিয়ন্স লিগের সেমিফাইনালের প্রথম লেগে বুধবার সাবেক ক্লাব বার্সেলোনার মুখোমুখি হবে গার্দিওলার বায়ার্ন মিউনিখ।
বাংলাদেশ সময় রাত পৌনে একটায় চ্যাম্পিয়ন্স লিগের সেমিফাইনালের প্রথম লেগে ঘরের মাঠ ন্যু-ক্যাম্পে জার্মান চ্যাম্পিয়ন বায়ার্ন মিউনিখের মুখোমুখি হবে লুইস এনরিকের বার্সেলোনা। ম্যাচটি সরাসরি সম্প্রচার করবে টেন স্পোর্টস, টেন এইচডি ও টেন অ্যাকশন।
২০০৮-১২ মৌসুমে বার্সেলোনার কোচ থাকাকালে স্বর্ণালি সময় পার করেছেন পেপ গার্দিওলা। কাতালান দলকে এই সময় ২টি চ্যাম্পিয়ন্স লিগ, ৩টি লা লিগা-সহ মোট ১৪টি শিরোপা জিতিয়েছেন তিনি। মেসিদের সাবেক এই কোচ বায়ার্ন মিউনিখকে জার্মান বুন্দেসলিগা জেতানোর পর ইউরোপিয়ান শিরোপা জয়ের পথে প্রধান বাধা হিসেবে পাচ্ছেন তার সাবেক ক্লাব বার্সেলোনাকে।
স্প্যানিশ লা লিগার পয়েন্ট টেবিলে শীর্ষে থাকা লুইস এনরিকের বার্সেলোনা ট্রেবল জেতার পথে রয়েছে দুর্দান্ত ফর্মে। সব ধরনের প্রতিযোগিতামূলক শেষ ৬ ম্যাচেই জয় পেয়েছে কাতালানরা। এই ছয় ম্যাচের পাঁচটিতে কোনো গোল হজম করেনি এনরিকের দল এবং বেশ কয়েকটি ম্যাচে প্রতিপক্ষ দলকে গোলবন্যায় ভাসিয়েছে। লিগের শেষ দুই ম্যাচে গেটাফে ও কর্দোবাকে যথাক্রমে ৬-০, ৮-০ গোলে উড়িয়ে দেন মেসি-নেইমার-সুয়ারেজরা।
মৌসুমের শুরু থেকেই অপ্রতিরোধ্য থাকা বায়ার্ন মিউনিখ মৌসুমের শেষের দিকে এসে ট্রেবল জয়ের স্বপ্ন বিসর্জন দেয়। গত সপ্তাহে জার্মান কাপের সেমিফাইনালে বরুশিয়া ডর্টমুন্ডের বিপক্ষে হেরে ট্রেবল জয়ের স্বপ্নের সমাধি ঘটে পেপ গার্দিওলার দলের। ফলে ৪ ম্যাচ হাতে থাকতেই জার্মান লিগের শিরোপা জেতা দলটি ইউরোপিয়ান প্রতিযোগিতার শিরোপা জেতার জন্য মরিয়া হয়ে রয়েছে।
সময়টা খুব একটা ভাল যাচ্ছে না বায়ার্ন মিউনিখের। জার্মান কাপের সেমিফাইনালে ডর্টমুন্ডের কাছে টাইব্রেকারে ২-০ গোলে হারার পর লিগ ম্যাচে বায়ার লেভারকুসেনের বিপক্ষে ২-০ গোলে হারে জার্মান জায়ান্টরা। তবে দুই বছর আগে চ্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টার ফাইনালের দুই লেগে বার্সেলোনাকে ৭-০ গোলে হারানোর তাজা স্মৃতি নিয়ে মাঠে নামবে বাভারিয়ানরা।
ইউরোপিয়ান প্রতিযোগিতার কোয়ার্টার ফাইনালের প্রথম লেগে পর্তুগিজ ক্লাব এফসি পোর্তোর বিপক্ষে ৩-১ গোলে হারার পর ফিরতি লেগে পেপ গার্দিওলার দল পোর্তোকে ৬-১ গোলে উড়িয়ে দিয়ে দাপটের সঙ্গে সেমিতে উত্তীর্ণ হয়। ফলে সেমির লড়াইয়ে বার্সেলোনাকে ভড়কে দিতে পারে জার্মান জায়ান্টরা।
পেপ গার্দিওলাকে কোচ হিসেবে যথেষ্ট সম্মান করেন বার্সেলোনার কোচ লুইস এনরিক। তবে বুধাবারের ম্যাচটি গার্দিওলা নয়, বরং বায়ার্ন মিউনিখের বিপক্ষে বার্সেলোনার ম্যাচ হবে বলে জানান তিনি।
লুইস এনরিক বলেন, ‘আমরা পেপ গার্দিওলার বিপক্ষে খেলতে যাচ্ছি না। সে ক্যারিয়ারে যা কিছু অর্জন করেছে তাতে করে অন্যতম সেরা কোচে পরিণত হয়েছে এবং সে আমার ভালো বন্ধুও বটে। সেমিফাইনালের ম্যাচটি বার্সেলোনার সব সমর্থকের জন্য গুরুত্বপূর্ণ। সুতরাং, কোনো ব্যক্তি-বিশেষের চেয়ে ম্যাচটি বেশি গুরুত্বপূর্ণ হবে।’
২০১২-১৩ মৌসুমে দুই লেগে ৪-০ ও ৩-০ মিলিয়ে ৭-০ ব্যবধানে হেরে সেমিফাইনালে উঠতে ব্যর্থ হয় মেসির বার্সেলোনা। সেই ‘লজ্জাজনক’ পরাজয়ের স্মৃতি এখনও দগদগে মেসির মানসপটে। তাইতো তিনি জানিয়েছেন, এবার সেই কষ্টের স্মৃতি ভুলতে চান।
মেসি বলেন, ‘সেটা (দুই লেগে ৭-০ ব্যবধানের হার) অনেক কষ্ট দিয়েছিল। তবে সেই ঘটনার পর বহু সময় পেরিয়ে গেছে। এই ম্যাচে তারাও আমাদের মতো ভিন্নভাবে খেলবে এবং এটি ভিন্ন একটা ম্যাচ হবে।’
টিম নিউজ:
বার্সেলোনা: ডিফেন্ডার জেরেমি ম্যাথিউ ইনজুরির কারণে প্রথম লেগে খেলতে পারবেন না বলে বার্সেলোনা তাদের নিজস্ব ওয়েবসাইটে জানিয়েছে। মঙ্গলবার অনুশীলনের সময় ইনজুরি নিয়ে মাঠ ছাড়েন এই ফরাসি ডিফেন্ডার। স্ট্রাইকার মুনির আল হাত্তাদি ম্যাচ খেলার জন্য পুরো ফিট হয়ে উঠেছেন। বার্সেলোনায় ইনজুরি-জনিত তেমন কোনো সমস্যা আর নেই।
বায়ার্ন মিউনিখ: বায়ার্ন মিউনিখ ইনজুরির কারণে বেশ কয়েকজন গুরুত্বপূর্ণ খেলোয়াড়কে পাচ্ছে না। আরিয়্যান রোবেন, ফ্রাংক রিবেরি ও সেবাস্তিয়ান রাড ছাড়াও হোলগার বাস্তুবার ও ডেভিড আলাবা’কে পাচ্ছেন না পেপ গার্দিওলা। অন্যদিকে মুখে ব্যথার কারণে দলের সর্বোচ্চ গোলস্কোরার রবার্ট লেভানদভস্কি পুরোপুরি ফিট না হলেও একাদশে রয়েছেন। দলের প্রয়োজনে তিনি ব্যথা প্রতিরোধক ‘মাস্ক’ পরে খেলতে প্রস্তত রয়েছেন বলে জানান।
সম্ভাব্য একাদশ:
বার্সেলোনা: মার্ক টার স্টেগান, দানি আলভেজ, জেরার্ড পিকে, হাভিয়ের মাসচেরানো, জর্ডি আলবা, ইভান র্যাকিটিক, সার্জিও বুসকেটস, আন্দ্রেস ইনিয়েস্তা, লিওনেল মেসি, লুইস সুয়ারেজ ও নেইমার।
বায়ার্ন মিউনিখ: ম্যানুয়েল নয়ার, মার্কিও রাফিনহা, জেরোমি বোয়েটাং, মেদি বেনাতিয়া, হুয়ান বার্নাট, ফিলিপ লাম, জাভি আলানসো, বাস্তিয়ান শোয়েন্সটাইগার, থিয়াগো আলকানতারা, টমাস মুলার ও রবার্ট লেভানদভস্কি।

