স্পোর্টস ডেস্ক : পেপ গার্দিওলা বার্সেলোনার কোচ থাকাকালে লিওনেল মেসি নিজেকে বিশ্বের সেরা খেলোয়াড়ে পরিণত করেন। টানা চারবার ফিফা বর্ষসেরা খেলোয়াড়ের পুরস্কার জিতে এক অনন্য রেকর্ড গড়েন। অথচ গার্দিওলা কাতালান ক্লাব ছাড়ার পর থেকে তার সঙ্গে মেসির বিশেষ কোনো সম্পর্ক নেই বলে জানান।
বুধবার চ্যাম্পিয়ন্স লিগের সেমিফাইনালের প্রথম লেগে ন্যু-ক্যাম্পে গার্দিওলার দলকে আতিথ্য দিবে বার্সেলোনা। তার একদিন আগে সংবাদ সম্মেলনে এমনটাই জানালের মেসি।
গার্দিওলা বার্সেলোনার কোচ থাকাকালে মেসি যেমন নিজেকে এক অনন্য উচ্চতায় নিয়ে যান ঠিক তেমনি কাতালান ক্লাবের হয়ে বেশ কয়েকটি শিরোপা জিতেন। এর মধ্যে দুটি চ্যাম্পিয়ন্স লিগ ও ৩টি লা লিগা শিরোপা রয়েছে। তবে এদিন মেসি পরিষ্কার জানিয়ে দেন, বায়ার্ন মিউনিখের বর্তমান কোচ ন্যু-ক্যাম্প ছাড়ার পর তার সঙ্গে আর্জেন্টাইন জাদুকরের বিশেষ কোনো সম্পর্ক নেই।
মঙ্গলবার এক সংবাদ সম্মেলনে মেসি বলেন, ‘পেপ গার্দিওলা যখন এখানে ছিলেন তার সঙ্গে আমার দারুণ সম্পর্ক ছিল। তার অধীনে আমরা অনেক শিরোপা জয় করি এবং আমি বেড়ে উঠি। ফুটবলার হিসেবে আমি তার অধীনেই বেশি গড়ে উঠি।’
পেপ গার্দিওলা বার্সেলোনা ছাড়ার পর তার সঙ্গে তেমন কোনো বিশেষ সম্পর্কে নেই বলে জানান মেসি। তিনি বলেন, ‘তিনি যখন এখানে ছিলেন তখন আমার সঙ্গে তার অসাধারণ সম্পর্ক ছিল। বার্সা ছেড়ে চলে যাওয়ার পর তার সঙ্গে অল্প কয়েকবার দেখা হয়েছে। কিন্তু আমাদের মধ্যে এখন তেমন কোনো সম্পর্ক নেই।’
সাবেক কোচকে ন্যু-ক্যাম্পে যথাযোগ্য স্বাগত জানানো হবে বলেও জানান মেসি। এলএম টেন বলেন, ‘গার্দিওলাকে আমরা ভালো করেই চিনি এবং তিনিও আমাদের ভালো করে চিনেন। আমরা সৌভাগ্যবান যে তার অধীনে অনেকগুলো শিরোপা জিততে পেরেছি। আমি মনে করি, তিনি যথাযোগ্য স্বাগতম আমাদের কাছ থেকে পাবেন।’
প্রসঙ্গত, চ্যাম্পিয়ন্স লিগের সেমিফাইনালের প্রথম লেগে বুধবার ন্যু-ক্যাম্পে বায়ার্ন মিউনিখকে আতিথ্য দিবে বার্সেলোনা। ছয়দিন পর ফিরতি লেগে আলিয়াঞ্জ অ্যারেনায় লুইস এনরিকের দলকে আতিথ্য দিবে পেপ গার্দিওলার বায়ার্ন।

