স্পোর্টস ডেস্ক : তিন ম্যাচ ওয়ানডে সিরিজ ও টি-২০ তে বাজেভাবে হারের পর টেস্ট ক্রিকেটে ঘুরে দাঁড়াতে চেয়েছিল সফরকারী পাকিস্তান। এজন্য খুলনা টেস্টকে বেছে নিয়েছিল সফরকরীরা। কিন্তু খুলনাতে পিছিয়ে পড়েও তামিম ইকবাল এবং ইমরুল কায়েসের অসাধারণ ব্যাটিংয়ে অবিশ্বাস্যভাবে ড্র করে বাংলাদেশ। খুলনার চেয়ে ঢাকার উইকেটে কিছুটা পার্থক্য দেখছেন পাকিস্তানের অধিনায়ক মিসবাহ-উল-হক। তাই এখান থেকে শেষ ভালোর আশায় আছেন সফরকারী দলের টেস্ট অধিনায়ক।
এবারের বাংলাদেশ সফর পাকিস্তানের জন্য বিভীষিকাময়। একের পর এক পরাজয়ে নাকাল সফরকারী দলটি। আশা ছিল টেস্ট সিরিজে বাংলাদেশকে দুমড়ে-মুচড়ে দেবে। কিন্তু বদলে যাওয়া বাংলাদেশ পাকিস্তানকে পাল্টা আক্রমণ করে দুর্দান্ত ড্র নিয়ে মাঠ ছেড়ে পাকিস্তানের হতাশা বাড়ায়।
পিছিয়ে পড়েও মুশফিকুর রহিমের দল খুলনা টেস্ট ড্র করায় একটুও বিস্মিত হননি মিসবাহ। তিনি বলেন, ‘বাংলাদেশ দল শেষ দুই-তিন মাসে অনেক উন্নতি করেছে। বিশ্বকাপে অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডের মতো কঠিন কন্ডিশনেও তারা ভালো ক্রিকেট খেলেছে। সেটা তাদের আত্মবিশ্বাস বাড়িয়ে দিয়েছে। বাংলাদেশ সফরে আসার আগে আমাদের ধারণা ছিল সিরিজটা আমাদের জন্য কঠিন হবে। তাই বাংলাদেশ দলের এমন পারফরম্যান্সে আমি বিস্মিত নই।’
একটি জয়ের খোঁজে আছে পাকিস্তান। বুধবার থেকে মিরপুর শের-ই বাংলা স্টেডিয়ামে শুরু হবে দুই ম্যাচ টেস্ট সিরিজের দ্বিতীয় এবং শেষ ম্যাচটি। দ্বিতীয় টেস্টে ভালো ফলাফল আসার পেছনে যুক্তি হিসেবে খুলনা ও মিরপুরের উইকেটের ভিন্নতাকে দেখছেন পাক অধিনায়ক।
মঙ্গলবার দুপুর থেকে বিকাল পর্যন্ত টানা অনুশীলন করেছে ওয়াকার ইউনিসের শিষ্যরা। সফরকারীদের অনুশীলনের আগে মিরপুর স্টেডিয়ামে দ্বিতীয় টেস্ট ম্যাচ-পূর্ববর্তী সংবাদ সম্মেলনে মিসবাহ বলেন, ‘মিরপুরের উইকেট খুলনার চেয়ে ভিন্ন। এখানে ব্যাটসম্যান ও বোলারদের জন্য সমান সুবিধা থাকবে। উইকেটে পেস ও বাউন্স বেশি থাকবে। যেখান থেকে স্পিনাররাও সুবিধা পাবে। এমনটা হলে ফলাফল আমাদের পক্ষেই যাবে।’

