ঢাকাMonday , 27 April 2015
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

দেশে ফিরেছে বাংলাদেশের মেয়েরা

Link Copied!

Bangladeshস্পোর্টস ডেস্ক : উদ্বেগ-উৎকণ্ঠা কিছু লাঘব হয়েছে। বিশেষ ব্যবস্থায় রবিবার রাতে নেপাল থেকে বাংলাদেশে ফিরেছে বালিকা ফুটবল দল। বিমান বাহিনীর একটি বিশেষ ফ্লাইটে শাহজালাল বিমানবন্দরে এসে পৌঁছায় তারা। বাংলাদেশ সেনাবাহিনীর একটি বিমান কাঠমান্ডুতে গিয়েছিল খাবার ও ওষুধসহ সেনাবাহিনীর ৬ সদস্যের চিকিৎসক দল নিয়ে। পরে চিকিৎসক দলকে রেখে ২৫ সদস্যের বাংলাদেশ দল ও ২৫ বাংলাদেশী নাগরিককে নিয়ে দেশে ফিরে আসে। তবে নেপালে এখনও অনেক বাংলাদেশী আটকা পড়ে আছে।
এর আগে রবিবার দুপুরে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি বিমান নেপালে আটকে পড়া মহিলা ফুটবল দল ও অন্যান্য বাংলাদেশীদের ফিরিয়ে আনার জন্য কাঠমান্ডু বিমানবন্দরে অবতরণের চেষ্টা করেও ব্যর্থ হয়। ভূমিকম্পে কাঠমান্ডু বিমানবন্দর ক্ষতিগ্রস্ত হওয়ায় সেখানে সামরিক বিমান ছাড়া অন্য সব যাত্রীবাহী বিমানের ওঠা-নামা বন্ধ আছে।
নেপালে অনুষ্ঠিত এএফসি অনুর্ধ-১৪ বালিকা আঞ্চলিক চ্যাম্পিয়নশিপের ফাইনাল ম্যাচটি গত শনিবার নির্ধারিত সময়ে (বাংলাদেশ সময় বিকেল ৩টা ৪৫ মিনিটে) অনুষ্ঠিত হয়নি। কারণ ভূমিকম্প। সেখানে ৭.৯ মাত্রার ভূমিকম্প হয়েছে। ভূমিকম্পের আঘাতে দেশটিতে ব্যাপক প্রাণহানির খবর পাওয়া গেছে। দেবে গেছে বহু বাড়ি-ঘর। বিমানবন্দরসহ বিভিন্ন রাস্তাঘাটও বন্ধ রয়েছে। প্রাথমিকভাবে ৭.৯ মাত্রার ভূমিকম্পের আঘাতের পর ৫.১ ও ৬.৬ মাত্রাসহ  আরও কয়েকটি ভূমিকম্প আঘাত হানে দেশটিতে। ফাইনালের ভেন্যু দশরথ স্টেডিয়ামের একটি গেটে ফাটল ধরে। এ কারণে ফাইনাল ম্যাচ স্থগিত করা হয়। এখন ফাইনাল ম্যাচ আদৌ অনুষ্ঠিত হবে কি না, সেটা এখনও জানা যায়নি এএফসির পক্ষ থেকে। তবে বাফুফের একটি সূত্র থেকে জানা গেছে, ফাইনাল ম্যাচটি বাংলাদেশে হওয়ার সম্ভাবনার কথা ভাবছে এএফসি।
ভূমিকম্পের পর বাংলাদেশ দলের খেলোয়াড়, কোচ ও কর্মকর্তারা সবাই নিরাপদে ছিলেন। ওই সময় তারা হোটেলের বাইরে সেখানে একটি মাঠে অবস্থান করেন। বাফুফে তাদের সঙ্গে সার্বক্ষণিক যোগাযোগ রাখে। বৃহস্পতিবার অনুষ্ঠিত সেমিফাইনালে ইরানকে ২-০ গোলে হারিয়ে ফাইনালে ওঠে বাংলাদেশের মেয়েরা। তার আগে গ্রুপ পর্বে ভুটানকে ১৬-০ গোলে হারিয়ে ও ভারতের সঙ্গে ১-১ গোলে ড্র করে গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে সেমিফাইনালে উঠেছিল।
এর আগে ২০১৩ সালে বাংলাদেশ অনুর্ধ-১৪ মহিলা দল শ্রীলঙ্কায় অনুষ্ঠিত এই আসরে অংশ নিয়ে তৃতীয় হয়েছিল এবং ফেয়ার প্লে ট্রফি লাভ করেছিল। তার মানে এবার তারা নিশ্চিতভাবেই টপকে গেল আগের বারের সাফল্যকে।