নিজস্ব প্রতিবেদক
যে কোনো সময় বিভিন্ন স্থানে আকস্মিক পরিদর্শনে গিয়ে বেশ আলোচিত হয়েছেন যোগাযোগ ও সেতুমন্ত্রী ওবায়েদুল কাদের। এবার ঢাকা শহরের একাধিক স্থানে আকস্মিক পরিদর্শনে যাচ্ছেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ।
শিক্ষা মন্ত্রণালয়ের উপ-প্রধান তথ্য অফিসার সুবোধ চন্দ্র ঢালী জানান, সোমবার দুপুরের দিকে সচিবালয় থেকে শহরের একাধিক স্থানে আকষ্মিক পরিদর্শনে যাবেন শিক্ষামন্ত্রী।
তবে কোথায় যাচ্ছেন মন্ত্রী এ প্রশ্নের উত্তরে তিনি বলেন, ‘মন্ত্রী রওনা হওয়ার সময় জানবেন।’
এদিকে মন্ত্রীর এই আকস্মিক অভিযানের বিষয়টি বিভিন্ন গণমাধ্যমের সংবাদকর্মীদের আগে থেকেই জানানো হয়েছে। মন্ত্রীর সঙ্গে যেতে সাংবাদিকদের জন্যও রাখা হয়েছে দু’টি মাইক্রোবাস।

