স্পোর্টস ডেস্ক : স্বপ্নের এক স্পেলে ওয়েস্ট ইন্ডিজের ব্যাটসম্যানদের কাঁপিয়ে দিয়েছেন ইংল্যান্ডের পেসার জেমস অ্যান্ডারসন। তার সঙ্গে মঈন আলী বিছিয়ে দিয়েছেন মায়াবী স্পিনের জাল। আর তাতে করে ২৪ ঘণ্টা আগেও যেই টেস্টের সম্ভাব্য ফলাফল ড্র মনে হয়েছে সেই টেস্ট দাপটের সঙ্গে জিতে তিন ম্যাচ টেস্ট সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে গেল ইংল্যান্ড।
শনিবার দ্বিতীয় টেস্টের শেষ দিন ২ উইকেটে ২০২ রান নিয়ে খেলতে নামে স্বাগতিক ওয়েস্ট ইন্ডিজ। তবে টেস্টের পঞ্চম ও শেষ দিনের প্রথম ঘণ্টায় জেমস অ্যান্ডারসনের পেস, ইনসুইং ও ইয়র্কারে বেসামাল হয়ে ৫ উইকেটে ২৩৯ রানে পরিণত হয় ক্যারিবিয়ানরা। স্বপ্নের এক স্পেলে অ্যান্ডারসন ফিরিয়ে দেন আগের দিনের সেঞ্চুরিয়ান ক্রেইগ ব্রাফেট ১১৬), শিবনারায়ণ চন্দরপল (৭) ও মারলন স্যামুয়েলসকে (৩৭)। এতেই ব্যাটিংয়ের কোমড় ভেঙে যায় স্বাগতিকদের।
এরপর ক্রিস জর্দান পেস ও মঈন আলীর স্পিনে নাকাল হতে শুরু করে ওয়েস্ট ইন্ডিজ। এই দুজনের দুর্দান্ত বোলিংয়ের সুবাদে আর মাথা তুলে দাঁড়াতে পারেনি ক্যারিবিয়ানরা। ৮৩ রানে শেষ ৮ উইকেট হারিয়ে ৩০৭ রানে গুটিয়ে গেলে ইংল্যান্ডের সামনে জয়ের জন্য ১৪৩ রানের সহজ লক্ষ্যমাত্রা দাঁড়ায়।
দ্বিতীয় ইনিংসে ইংল্যান্ডের হয়ে জেমস অ্যান্ডারসন ৪টি এবং মঈন আলী নেন ৩টি উিইকেট। ১টি করে উইকেট নেন স্টুয়ার্ট ব্রড ও ক্রিস জর্দান।
জয়ের জন্য ১৪৩ রানের মামুলি লক্ষ্যের পেছনে ছুটতে গিয়ে ২ রানের মাথায় জোনাথন ট্রটকে (০) হারালেও দ্বিতীয় উইকেটে অধিনায়ক অ্যালেস্টার কুক ও গ্যারি ব্যালান্সের মধ্যকার হার না মানা ১৪২ রানের জুটিতে সহজেই জয়ের বন্দরে নোঙর করে ইংলিশরা। ৯ উইকেটের ব্যবধানে পাওয়া দুর্দান্ত এই জয়ের ফলে সিরিজের প্রথম টেস্টে জিততে জিততে ড্র করার হতাশা কিছুটা লাঘব হয়েছে সফরকারীদের।
এর আগে প্রথম ইনিংসে মারলন স্যামুয়েলসের সেঞ্চুরির সুবাদে ওয়েস্ট ইন্ডিজ ২৯৯ রান সংগ্রহ করে। ক্যারিবিয়ানদের হয়ে স্যামুয়েলস সর্বোচ্চ ১০৩ রান করেন। এছাড়া ড্যারেন ব্রাভো ৩৫, দিনেশ রামদিন ৩১ ও দেবেন্দ্র বিশু করেন ৩০ রান।
প্রথম ইনিংসে ইংল্যান্ডের হয়ে স্টুয়ার্ট ব্রড ৪টি এবং জেমস অ্যান্ডারসন ও ক্রিস জর্দান ২টি করে উইকেট লাভ করেন। ১টি করে উইকেট নেন মঈন আলী ও বেন স্টোকস।
জবাবে জো রুটের হার না মানা ১৮২ রানের নান্দনিক ইনিংস ও কুক, ব্যালান্স ও ট্রটের হাফ সেঞ্চুরির সুবাদে প্রথম ইনিংসে ৪৬৪ রানের বড় সংগ্রহ পায় ইংল্যান্ড।
জো রুট ২২৯ বলে ১৭টি চার ও ৪টি ছক্কার সাহায্যে ১৮২ রান করেন। এছাড়া ব্যালান্স ৭৭, কুক ৭৬ ও ট্রট করেন ৫৯ রান।
প্রথম ইনিংসে দেবেন্দ্র বিশু ৪টি এবং শেনন গ্যাব্রিয়েল নেন ২টি উইকেট।
১৬৫ রানে পিছিয়ে থেকে দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে জেমস অ্যান্ডারসন ও মঈন আলী বালিং তোপে পড়ে ওয়েস্ট ইন্ডিজ ৩০৭ রানে গুটিয়ে গেলে জয়ের জন্য ১৪৩ রানের লক্ষ্যমাত্রা পায় ইংল্যান্ড। কুক ও গ্যারি ব্যালান্সের দুর্দান্ত ব্যাটিংয়ে হেসেখেলেই সেই লক্ষ্য পেরিয়ে যায় ইংলিশরা।
প্রথম ইনিংসে ১৮২ রানের নান্দনিক ইনিংসের জন্য জো রুট ম্যান অব দ্য ম্যাচের পুরস্কার জিতেন।
প্রসঙ্গত, ওয়েস্ট ইন্ডিজ ও ইংল্যান্ডের মধ্যকার তিন ম্যাচ টেস্ট সিরিজের প্রথমটি ড্র হয়। দুই দলের মধ্যকার তৃতীয় ও শেষ টেস্ট আগামী ১ মে ব্রিজটাউনে শুরু হবে।

