স্পোর্টস ডেস্ক :ওয়েস্ট ইন্ডিজ ও ইংল্যান্ডের মধ্যকার তিন ম্যাচ টেস্ট সিরিজের দ্বিতীয় টেস্টও ড্রয়ের পথে রয়েছে। শুক্রবার গ্রানাডার সেন্ট জর্জেসে টেস্টের চতুর্থ দিন শেষে ৩৭ রানে এগিয়ে রয়েছে স্বাগতিক ওয়েস্ট ইন্ডিজ। হাতে রয়েছে ৮ উইকেটে।
প্রথম ইনিংসে ইংল্যান্ডের চেয়ে ১৬৫ রানে পিছিয়ে থেকে খেলতে নেমে চতুর্থ দিন শেষে ওয়েস্ট ইন্ডিজের সংগ্রহ ২ উইকেটে ২০২ রান। ক্রেইগ বাফেট ১০১ ও মারলন স্যামুয়েলস ৬ রান নিয়ে অপরাজিত রয়েছেন।
১৬৫ রানে পিছিয়ে থেকে দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে মাত্র ৩ রানের মাথায় ডেভন স্মিথকে ফিরিয়ে ক্যারিবিয়ানদের চেপে ধরার চেষ্টা করে। তবে দ্বিতীয় উইকেট জুটিতে ব্রাফেট ও ড্যারেন ব্রাভো ১৪২ রানে দুর্দান্ত জুটি গড়ে দলে স্বস্তি ফেরান। দলীয় ১৪৫ রানে ব্রাভো ৬৯ রান করে ফিরে গেলেও তৃতীয় উইকেটে স্যামুয়েলকে নিয়ে অবিচ্ছিন্ন ৫৭ রানের জুটি গড়ে দলকে ড্রয়ের স্বপ্ন দেখান।
দ্বিতীয় ইনিংসে ইংল্যান্ডের হয়ে জেমস অ্যান্ডারসন ও স্টুয়ার্ট ব্রড একটি করে উইকেট লাভ করেন।
এর আগে শুক্রবার ৬ উইকেটে ৩৭৩ রান নিয়ে ব্যাট করতে নামে ইংল্যান্ড। দুই অপরাজিত ব্যাটসম্যান জো রুট ১১৮ ও জস বাটলার ৪ রান নিয়ে ব্যাট করতে নামেন। তবে দিনের শুরুতেই বাটলারকে সাজঘরে ফিরিয়ে দেন ক্যারিবিয়ান বোলার দেবেন্দ্র বিশু। এরপর অষ্টম উইকেটে ক্রিস জর্দানকে নিয়ে ৩৯ রানের জুটি গড়ে দলকে আরও মজবুত অবস্থানে নিয়ে যান জো রুট। তবে একের পর এক উইকেটের পতনের ফলে একপ্রান্ত আগলে রেখেও ডাবল সেঞ্চুরি করতে পারেননি এই ইংলিশ ব্যাটসম্যান। ৪৬৪ রানে গুটিয়ে যায় ইংল্যান্ড। ১৮২ রান নিয়ে অপরাজিত থাকেন রুট।
জো রুটের ২২৯ বলে ১৮২ রানের ইনিংসটি ১৭টি চার ও ৪টি ছক্কায় সাজানো ছিল। এছাড়া গ্যারি ব্যালান্স ৭৭, অ্যালেস্টার কুক ৭৬ ও জোনাথন ট্রট ৫৯ রান করেন।
ওয়েস্ট ইন্ডিজের হয়ে দীর্ঘদিন পর টেস্ট খেলতে নামা স্পিনার দেবেন্দ্র বিশু ৪ উইকেট লাভ করেন। দুটি উইকেট নেন দলের নতুন পেসার শেনন গ্যাব্রিয়েল। তিন তিনজন ইংলিশ ব্যাটসম্যান রান আউট হয়ে সাজঘরে ফেরেন।
এর আগে মারলন স্যামুয়েলসের সেঞ্চুরির সুবাদে প্রথম ইনিংসে গুটিয়ে যাওয়ার আগে ২৯৯ রান সংগ্রহ করে ওয়েস্ট ইন্ডিজ। স্যামুয়েলস ২২৮ বলে ১০৩ রান করেন। এছাড়া ড্যারেন ব্রাভো ৩৫, দিনেশ রামদিন ৩১ ও দেবেন্দ্র বিশু করেন ৩০ রান।
ইংল্যান্ডের হয়ে ব্রড ৪টি এবং জেমস অ্যান্ডারসন ও ক্রিস জর্দান ২টি করে উইকেট লাভ করেন। মঈন আলী ও বেন স্টোকস নেন ১টি করে উইকেট।
প্রসঙ্গত, তিন ম্যাচ টেস্ট সিরিজের প্রথম টেস্ট ড্র হয়।

