স্পোর্টস ডেস্ক : চ্যাম্পিয়ন্স লিগের সেমিফাইনালে বার্সেলোনার বিপক্ষে বায়ার্ন মিউনিখ আন্ডারডগ হিসেবে মাঠে নামবে বলে মনে করেন জার্মান চ্যাম্পিয়নদের সম্মানিত প্রেসিডেন্ট ফ্রেঞ্জ বেকেনবাওয়ার।
কোয়ার্টার ফাইনালের প্রথম লেগে এফসি পোর্তোর কাছে ৩-১ গোলে হারলেও ফিরতে লেগে ঘরের মাঠেপর্তুগিজ ক্লাবটিকে ৬-১ গোলে উড়িয়ে দিয়ে সেমিতে উত্তীর্ণ হয় জার্মান জায়ান্টরা।
তবে কোয়ার্টার ফাইনালের দুই লেগেই প্যারিস সেন্ট জার্মেই’কে (পিএসজি) হারিয়ে সেমিতে উত্তীর্ণ হওয়া বার্সেলোনাকেই সেমির লড়াইয়ে এগিযে রাখলেন জার্মানির বিশ্বকাপজয়ী এই অধিনায়ক।
গোল ডটকমকে দেয়া এক সাক্ষাৎকারে ফ্রেঞ্জ বেকেনবাওয়ার বলেন, ‘আমার মতে, বার্সেলোনাই ফেভারিট। আমি বলছি না যে, বায়ার্নের জয়ের কোনো সম্ভাবনা নেই। তবে সেমির লড়াইয়ে বায়ার্ন ফেভারিট নয়।’
তবে বায়ার্ন মিউনিখের স্পোর্টিং ডিরেক্টর ম্যাথিয়াস স্যামার বার্সেলোনা ও বায়ার্ন দুই দলের কাউকেই এগিয়ে রাখতে চাননি। দুই লেগেই সেয়ানে সেয়ানে লড়াই হবে মনে করেন তিনি।
তিনি বলেন, ‘আমি সেমির রোমাঞ্চকর লড়াইয়ের জন্য অপেক্ষা করছি। আমি মনে করি, এটি হবে ৫০-৫০ লড়াই। দুই দলেরই বিশ্বের সেরা অ্যাটাকিং রয়েছে। বার্সেলোনার কিছু দুর্দান্ত খেলোয়াড় রয়েছে, ঠিক তেমনি আমাদেরও।
প্রসঙ্গত, আগামী ৫/৬ মে সেমিফাইনালের প্রথম লেগ অনুষ্ঠিত হবে। এক সপ্তাহ পর ১২/১৩ মে ফিরতি লেগ অনুষ্ঠিত হবে। আগামী ৬ জুন জার্মানির বার্লিনে ইউরোপিয়ান প্রতিযোগিতার ফাইনাল অনুষ্ঠিত হবে।

