স্পোর্টস ডেস্ক : স্প্যানিশ লা লিগার পয়েন্টে টেবিলে এগিয়ে যাওয়ার লক্ষ্যে শনিবার নগর প্রতিদ্বন্দ্বী এসপানিওলের মুখোমুখি হবে লুইস এনরিকের বার্সেলোনা। কাতালান ডার্বিতে এসপানিওলের মাঠে আতিথ্য গ্রহণ করবেন মেসি-নেইমাররা।
শনিবার বাংলাদেশ সময় রাত আটটায় এসপানিওলের ঘরের মাঠ পাওয়ার-৮ স্টেডিয়ামে ম্যাচটি অনুষ্ঠিত হবে। সরাসরি সম্প্রচার করবে স্টার স্পোর্টস-২।
রিয়াল মাদ্রিদের চেয়ে ২ পয়েন্ট বেশি নিয়ে শীর্ষে থাকা বার্সেলোনা আজ এসপানিওলকে হারাতে পারলে কার্লো আনচেলত্তির দলের চেয়ে ৫ পয়েন্ট এগিয়ে যাবে। ফলে একদিন পর সেল্টা ভিগোর বিপক্ষে মাঠে নামতে যাওয়া রিয়াল মাদ্রিদ কিছুটা চাপে থাকবে।
চ্যাম্পিয়ন্স লিগের দুই লেগে পিএসজিকে হারিয়ে দুর্দান্ত ফর্মে রয়েছে বার্সেলোনা। আগামী মাসে প্রথম সপ্তাহে চ্যাম্পিয়ন্স লিগের সেমিফাইনালের প্রথম লেগে শক্তিশালী বায়ার্ন মিউনিখের মুখোমুখি হওয়ার আগে জয়ের ছন্দ ধরে রাখতে চাইবে লুইস এনরিকের দল।
তাছাড়া লিগের আর মাত্র ৬ ম্যাচ বাকি রয়েছে। এখন পয়েন্ট হারানো মানেই শিরোপার দৌড়ে পিছিয়ে পড়া। এই বিষয়টিই অবশ্যই মাথায় রয়েছে কাতালান শিবিরের।
টিম নিউজ:
বার্সেলোনা: দল হিসেবে এসপানিওল দুর্বল হলেও নিজেদের মাঠে সর্বশেষ ৬ ম্যাচে অপরাজিত রয়েছে তারা। ফলে এসপানিওলকে ছোট করে দেখার কোনো উপায় নেই।
আগামী ৫/৬ মে চ্যাম্পিয়ন্স লিগের সেমিফাইনালের গুরুত্বপূর্ণ ম্যাচে বায়ার্ন মিউনিখের বিপক্ষে খেলবে বার্সেলোনা। তবে এসপানিওলের বিপক্ষে প্রথম একাদশেই থাকবেন আন্দ্রেস ইনিয়েস্তা। ইনজুরির কারণে থমাস ভারমালেন দলের বাইরে রয়েছেন। তবে তার জায়গা নিতে প্রস্তুত রয়েছেন জাভি হার্নান্দেজ। মিডফিল্ডে তার সঙ্গে থাকবেন দানি আলভেজ।
লিওনেল মেসি, নেইমার ও সুয়ারেজ যথারীতি আক্রমণে থাকলেও পুরো ম্যাচ তারা নাও খেলতে পারেন। দলের জয় নিশ্চিত হলে তাদের মাঠ থেকে উঠিয়ে নিতে পারেন লুইস এনরিক।
অন্যদিকে চ্যাম্পিয়ন্স লিগে মার্ক স্টেগান গোলরক্ষকের দায়িত্ব পালন করলেও লিগ ম্যাচে এনরিকের প্রথম পছন্দ ক্লদিও ব্রাভো। জেরার্ড পিকের সঙ্গে রক্ষণ সামলাবেন জেরেমি ম্যাথিউ ও জর্ডি আলবা।
এসপানিওল: নিষেধাজ্ঞার কারণে মিডফিল্ডার ভিক্টর সানচেজ খেলতে পারবেন না। তার জায়গা নিবেন আরেক ভিক্টর, ভিক্টর আলভারেজ। এছাড়া হোসে ক্যানাসও থাকবেন মিডফিল্ডে।
এছাড়া আরও বেশ কয়েকটি পরিবর্তন আসতে পারে এসপানিওল একাদশে। সার্জিও গার্সিয়া ও ফিলিপ কাইসেডো প্রথম একাদশে ফিরতে পারেন।
খুঁটিনাটি: লা লিগায় সর্বশেষ ৮ ম্যাচের ৭টিতে জিতেছে বার্সেলোনা।
ঘরের মাঠে সর্বশেষ ৭ ম্যাচের ৫টিতে কোনো গোল হজম করেনি এসপানিওল।
নিজেদের মাঠে বার্সেলোনার বিপক্ষে সর্বশেষ ৪ ম্যাচে ১০ গোজ হজম করেছে এসপানিওল।
লা লিগায় সর্বশেষ ৮ ম্যাচের ৭টিতে কমপক্ষে ২ গোল করেছে বার্সেলোনা।
সব ধরনের প্রতিযোগিতায় এসপানিওলের বিপক্ষে খেলা সর্বশেষ ৯ ম্যাচেই অপরাজিত রয়েছে বার্সেলোনা।
ঘরের মাঠে সর্বশেষ ৬টি লিগ ম্যাচেই অপরাজিত রয়েছে এসপানিওল।
সর্বশেষ সাক্ষাৎ: গত বছরের ৭ ডিসেম্বর লা লিগা ম্যাচে বার্সেলোনা ও এসপানিওল সর্বশেষ মুখোমুখি হয়েছে। সেবার ঘরের মাঠ ন্যু-ক্যাম্পে এসপানিওলকে ৫-১ গোলের বড় ব্যবধানে হারিয়েছে লুইস এনরিকের দল। লিওনেল মেসি সেই ম্যাচে হ্যাটট্টিক করেন। ২০০৯ সালের ফেব্রুয়ারিতে সর্বশেষ নগর প্রতিদ্বন্দ্বীদের কাছে হেরেছে স্প্যানিশ জায়ান্টরা।
সম্ভাব্য একাদশ:
বার্সেলোনা: ক্লদিও ব্রাভো (গোলরক্ষক), দানি আলভেজ, জেরার্ড পিকে, জর্ডি আলবা, জেরেমি ম্যাথিউ, সার্জিও বুসকেটস, রাফিনহা, আন্দ্রেস ইনিয়েস্তা, লিওনেল মেসি, লুইস সুয়ারেজ ও নেইমার।
এসপানিওল: কিকো ক্যাসিলা (গোলরক্ষক), অ্যানাই আরবিলা, আলভেরো গঞ্জালেস, হেক্টর মোরেনো, হুয়ান রাফায়েল, ডেভিড লোপেজ, হোসে ক্যানাস, লুকাস ভ্যাকুয়েজ, সার্জিও গার্সিয়া, সেভিয়া ও ফিলিপ কাইকেডো।

