স্পোর্টস ডেস্ক : মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশের ওয়ানডে ও টি-২০ দলকে গণভবনে মধ্যাহ্নভোজনের দাওয়াত দিয়েছেন। শনিবার বেলা সাড়ে ১২টায় মাশরাফিদের গণভবনে ডেকে পাঠান তিনি।
এদিকে প্রধানমন্ত্রীর আহ্বানে সাড়া দিতে হোটেল ছেড়ে গণভবনের পথে রওয়ানা দিয়েছেন বাংলাদেশ দলের খেলোয়াড় ও কর্মকর্তারা। বিসিবি সূত্র এই তথ্য নিশ্চিত করেছে।
শুক্রবার পাকিস্তাানের বিপক্ষে একমাত্র টি-২০ ম্যাচের শুরুর দিক থেকে পুরো খেলা দেখেন প্রধানমন্ত্রী। ওয়ানডের মতো টি-২০ ম্যাচেও পাকিস্তানকে উড়িয়ে দেয় টাইগাররা। খেলা শেষে মাশরাফির হাতে ওয়ানডে ও টি-২০ শিরোপা তুলে দেন মাননীয় প্রধানমন্ত্রী। এসময় মাশরাফিদের সঙ্গে বেশ কিছুক্ষণ সময়ও কাটান তিনি।
প্রধানমন্ত্রীর ডেপুটি প্রেস সেক্রেটারি বলেন, ‘মাননীয় প্রধানমন্ত্রী বাংলাদেশের ওয়ানডে ও টি-২০ দলের খেলোয়াড় ও কর্মকর্তাদের সঙ্গে শনিবার বেলা সাড়ে ১২টায় গণভবনে লাঞ্চ করবেন।’
টি-২০ ম্যাচের আগে তিন ম্যাচ ওয়ানডে সিরিজের দ্বিতীয় ম্যাচও গ্যালারিতে বসে দেখেন প্রধানমন্ত্রী। মাঠে বসে পাকিস্তানের বিপক্ষে বাংলাদেশের ওয়ানডে সিরিজ জয় উপভোগ করেন।

