ঢাকাMonday , 15 September 2014
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

জাতিসংঘে যাচ্ছে বিএনপি-জামায়াতের সহিংসতার ডিভিডি

দৈনিক পাঞ্জেরী
September 15, 2014 12:48 pm
Link Copied!

zyulthkfনিজস্ব প্রতিবেদক

এবার ৫ জানুয়ারির নির্বাচনের আগে এবং পরে বিএনপি-জামায়াতের নেতৃত্বাধীন জোটের ধ্বংসাত্মক কর্মকাণ্ডের ভিডিও ও স্থিরচিত্রসংবলিত একটি ডিভিডি প্রকাশ করবে আওয়ামী লীগ। আর এ লক্ষ্যে আগামী ১৮ সেপ্টেম্বর জাতীয় প্রেসক্লাবে একটি প্রকাশনা অনুষ্ঠানের আয়োজন করেছে দলটি। এ ডিভিডিতে বাংলার পাশাপাশি ইংরেজি সাব-টাইটেল রাখা হয়েছে বলে সূত্রে জানা যায়। ডিভিডিটি জাতিসংঘের সাধারণ অধিবেশনে পাঠানো হবে।
এর আগে গত ২৩ আগস্ট রাজধানীর ওসমানী মিলনায়তনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপস্থিতিতে বিএনপি-জামায়াতের নেতৃত্বাধীন জোটের ধ্বংসাত্মক কর্মকাণ্ড নিয়ে প্রকাশিত হয়েছে ‘রক্তাক্ত বাংলাদেশ’ নামে একটি অ্যালবাম। বই আকারে প্রকাশিত ওই অ্যালবামের ছবিগুলোতে বাংলা ও ইংরেজি ক্যাপশন রয়েছে।
দলীয় সূত্রে জানা গেছে, প্রায় দুই ঘণ্টার ডিভিডিটি তিনটি অংশে ভাগ করা হয়েছে। প্রথম অংশে থাকছে নির্বাচনকে কেন্দ্র করে বিএনপি-জামায়াতের নৃশংসতার ভিডিও। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের ওপর হামলা ও হত্যা, গাড়িতে আগুন দিয়ে মানুষ পোড়ানো, গাছ কাটাসহ বিভিন্ন ধ্বংসাত্মক কর্মকাণ্ডের চিত্র।
দ্বিতীয় অংশে থাকছে প্রকাশিত ‘রক্তাক্ত বাংলাদেশ’ অ্যালবামটি। আর তৃতীয় অংশে থাকছে আন্দোলনে ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যদের অনুভূতির কথা। ‘রক্তাক্ত বাংলাদেশ’ অ্যালবামের প্রকাশনা অনুষ্ঠানে বিএনপি-জামায়াত জোটের নাশকতা-সহিংসতায় নিহতদের পরিবারের অনেক সদস্য তাদের অনুভূতি প্রকাশ করেন। কয়েকজন অনুষ্ঠানে কথা বলতে গিয়ে কান্নায় ভেঙে পড়েন। কথা বলতে গিয়ে জ্ঞান হারিয়ে ফেলেন নিহত এক পুলিশ সদস্যের স্ত্রী লায়লা খাতুন। ডিভিডিতে এমন বিশেষ বিশেষ কিছু দৃশ্য রাখা হয়েছে।
বিএনপি-জামায়াতের নেতৃত্বাধীন জোটের ধ্বংসাত্মক কর্মকাণ্ড নিয়ে তৈরি ‘রক্তাক্ত বাংলাদেশ’ অ্যালবামটি এরই মধ্যে দেশের অনেক নীতিনির্ধারকদের কাছে পৌঁছানো হয়েছে। আগামী ১৬ সেপ্টেম্বর শুরু হচ্ছে জাতিসংঘের সাধারণ পরিষদের ৬৯তম অধিবেশন বিশ্বনেতাদের কাছে পাঠানো হবে এ ডিভিডিটি। এটির সম্পাদনা ও কপি প্রস্তুতের কাজ শেষ পর্যায়ে রয়েছে বলে জানা গেছে।
সূত্র জানায়, গত ৫ জানুয়ারি অনুষ্ঠিত দশম সংসদ নির্বাচন নিয়ে নানা প্রশ্ন তুলছেন বিশ্বনেতারা। আর এ কারণে তাদের কাছে বিএনপি-জামায়াতের নৃশংসতার এ চিত্র তুলে ধরা জরুরি বলে মনে করেন আওয়ামী লীগ নেতারা। এর জন্য মোক্ষম স্থান হচ্ছে জাতিসংঘের সাধারণ পরিষদ অধিবেশন।
এ অধিবেশনের আনুষ্ঠানিক ও অনানুষ্ঠানিক নানা বৈঠকে যারা অংশ নেবেন বাংলাদেশের পক্ষ থেকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা তাদের কাছে এ ডিভিডিটি তুলে দেবেন। আর এ সময় ৫ জানুয়ারির নির্বাচন নিয়ে যারা প্রশ্ন তোলেন তাদের সমর্থন আদায়ের চেষ্টা চালানো হবে। এ কাজে ওই ডিভিডি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলেই সূত্র জানায়।
জানা গেছে, এ বছর বাংলাদেশের জাতিসংঘে যোগদানের ৪০ বছর পূর্তি হবে। এ উপলক্ষে নিউইয়র্কে এক জমকালো আয়োজন করবে বাংলাদেশ। আর এ অনুষ্ঠানে উপস্থিত থাকবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এতে জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে যোগ দিতে আসা বিভিন্ন দেশের শীর্ষ প্রতিনিধিদের নিমন্ত্রণ করা হবে। অনুষ্ঠানে আওয়ামী লীগ নেতৃত্বাধীন সরকারের নানা অর্জনের বিষয় তুলে ধরার পাশাপাশি বিএনপি-জামায়াতের সহিংসতার বিষয়টিও তুলে ধরা হবে। সে সময় ডিভিডিটি অতিথিদের হাতে তুলে দেয়া হবে।
আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক ড. হাছান মাহমুদ এ প্রসঙ্গে বলেন, ‘আগামী ১৮ সেপ্টেম্বর প্রেসক্লাবে একটি প্রকাশনা অনুষ্ঠান করে ডিভিডিটি প্রকাশ করা হবে। এ ডিভিডিটিতে ইংরেজি সাব-টাইটেল বসানোর কাজও শেষ হয়েছে।’
তিনি আরো বলেন, ‘সপ্তাহখানেক পর অনুষ্ঠিত হতে যাওয়া জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে আমরা ডিভিডিটি পাঠাচ্ছি। কারণ বিশ্বনেতাদের বিএনপি-জামায়াতের নৃশংসতার বিষয়ে সচেতন করা প্রয়োজন। পর্যায়ক্রমে সবার কাছেই এটি পাঠানো হবে।’