স্পোর্টস ডেস্ক : স্রেফ উড়িয়ে দিল পাকিস্তানকে। মাত্র ১৪১ রানের লক্ষ্য। সাকিব আল হাসান আর সব্বির রহমান রুম্মান যেভাবে প্রতিযোগিতা করে বাউন্ডারির ফুলঝুড়ি ছোটালেন, তাতে উড়েই গেলে আফ্রিদিরা। ২২ বল হাতে রেখেই পাকিস্তানের বিপক্ষে একমাত্র টি২০তে ৭ উইকেটের বিশাল জয় তুলে নিল মাশরাফি বাহিনি। ৮ম বারেরমত মুখোমুখি হয়ে টি২০ ক্রিকেটে এই প্রথম পাকিস্তানকে হারানোর স্বাদ পেলো বাংলাদেশ।
ওয়ানডে সিরিজে ৩-০ ব্যবধানে হোয়াইটওয়াশ করার পর এবার একমাত্র টি২০তেও পাকিস্তানকে দাপটের সঙ্গে হারাল টিম বাংলাদেশ। ১৪১ রানের লক্ষ্যে খেলতে নেমে ৩ উইকেট হারিয়ে ১৬.২ ওভারেই লক্ষ্যে পৌঁছে যায় টাইগাররা। ৪১ বলে ৫৭ রান নিয়ে সাকিব আল হাসান এবং ৩২ বলে ৫১ রান নিয়ে অপরাজিত ছিলেন সাব্বির রহমান।
মাত্র ১৪১ রানের লক্ষ্য। লক্ষ্য পূরণে ব্যাট করতে নেমে শুরু থেকেই মারমুখি তামিম ইকবাল। প্রথমে বল করতে আসেন মোহাম্মদ হাফিজ। প্রথম বলে কোন রান নেই। দ্বিতীয় বলেই ছক্কা মরলেন তামিম ইকবাল। পরের বলেই বাউন্ডারি। এরপরের বলেও কোন ছাড় নয়। আবারও বাউন্ডারি। তবে পঞ্চম বলে দ্রুত এক রান নিতে গিয়ে মূল্য দিতে হলো তামিমকে। হারাতে হলো সৌম্য সরকারের উইকেট। কোন বল মোকাবেলা না করেই আউট হয়ে গেলেন সৌম্য সরকার।
ওয়ান ডাউনে ব্যাট করতে নামলেন সাকিব আল হাসান। দ্বিতীয় ওভারে বল করতে আসা সোহেল তানভিরের কাছ থেকে মাত্র ২ রান নিলেন সাকিব-তামিম। তৃতীয় ওভারে এসে আবারও মূল্য দিতে হলো বাংলাদেশকে। উমর গুলের হাতে বল তুলে দিয়েছিলেন আফ্রিদি। তার দ্বিতীয় বলেই বাউন্সারকে পয়েন্টের পর দিয়ে তুলে মারতে চেয়েছিলেন তামিম। কিন্তু থার্ড স্লিপে মোহাম্মদ হাফিজের হাতে ধরা পড়ে ফিরে যেতে হলো তামিমকে।
তবে একই ওভারে উমর গুলকে দু’বার বাউন্ডারিছাড়া করে মুশকিুর রহিম বুঝিয়ে দিলেন ভয় পাওয়ার কিছু নাই। তবে তা বেশিক্ষণের জন্য নয়। ৬ষ্ঠ ওভারে এসে ওয়াহাব রিয়াজের স্লোয়ার বুঝতে না পেরে বোল্ড হয়ে গেলেন মুশফিক। তার আগে ১৫ বলে চারটি বাউন্ডারি মেরে সংগ্রহ করলেন ১৯ রান। ৩৮ রানেই পতন ঘটলো তৃতীয় উইকেটের।

