নিজস্ব প্রতিবেদক
মোবাইল ফোন ব্যবহারের ওপর সরকার ১ শতাংশ হারে সারচার্জ আরোপের সিদ্ধান্ত নিয়েছে। সোমবার প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে মন্ত্রিসভার বৈঠকে জাতীয় রাজস্ব বোর্ডের এ সংক্রান্ত প্রস্তাব অনুমোদন করা হয়।
বৈঠকের পর মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ মোশাররাফ হোসাইন ভূইঞা সাংবাদিকদের বলেন, ‘মোবাইল অপারেটরের সিম বা রিম কার্ড ব্যবহারের মাধ্যমে পাওয়া অর্থের ওপর ১ শতাংশ হারে সারচার্জ আরোপের প্রস্তাব অনুমোদন করা হয়েছে। এতে প্রত্যেক সিম ব্যবহারীর কাছ থেকে মাসে দুই টাকা করে কাটা হবে। এ হারে এ খাত থেকে বছরে ১৪০ কোটি টাকা রাজস্ব আদায় হবে।’
তিনি বলেন, ‘একজন সিম ব্যবহারকারী যদি মাসে ২০০ টাকা ব্যয় করে থাকেন। সেখান থেকে মোবাইল অপারেটরকারীদের মাধ্যমে সরকার এ অর্থ আদায় করবে।’ এ অর্থ শিক্ষা, স্বাস্থ্য ও উন্নয়ন খাতে ব্যয় করা হবে বলে জানান তিনি।
এছাড়া মন্ত্রিসভায় বাল্যবিবাহ নিরোধ আইন অনুমোদন করা হয়।

