স্পোর্টস ডেস্ক: গত সাত এপ্রিল থেকে শুরু হয়েছে মান্যবর বাংলাদেশ প্রিমিয়ার লিগ ফুটবলের নবম আসর। তবে এখন পর্যন্ত কোন খেলা সরাসরি সম্প্রচার করা হয়নি। এবার বাংলাদেশ ফুটবল ফেডারেশনের পাশে এসে দাঁড়িয়েছে চ্যানেল ৯। এখন থেকে প্রিমিয়ার লিগের উল্লেখযোগ্য ম্যাচগুলো সরাসরি সম্প্রচার করবে চ্যানেলটি।
সোমবার বাফুফে ভবনে দুই পক্ষের মধ্যে চুক্তি সম্পন্ন হয়। বাফুফের হয়ে সিনিয়র সহ-সভাপতি ও প্রফেশনাল ফুটবল লিগ কমিটির চেয়ারম্যান আব্দুস সালাম মুর্শেদী ও চ্যানেল ৯ এর পক্ষে হেড অব মার্কেটিং এন্ড সেলস্, মোঃ নুরুল ইসলাম খসরু চুক্তিতে স্বাক্ষর করেন। এছাড়াও ‘মান্যবর বাংলাদেশ প্রিমিয়ার লীগ ২০১৪-১৫’ এর টাইটেল স্পন্সর ও অফিসিয়াল পার্টনার প্রতিষ্ঠানসমূহের পক্ষে উপস্থিত ছিলেন মান্যবর বাংলাদেশ এর ব্যবস্থাপনা পরিচালক জনাব ইমরান ইসলাম চৌধুরী।
আগামী ২৩ এপ্রিল থেকে শুরু হবে লিগ ম্যাচের সরাসরি সম্প্রচার পর্ব। দুই পর্ব মিলিয়ে প্রায় ২৫ থেকে ৩০টি ম্যাচ সরাসরি সম্প্রচার করবে চ্যানেল ৯। এজন্য লিগের ফিকশ্চারে আসবে পরিবর্তন।
ঢাকার বাইরে অনুষ্ঠেয় ম্যাচগুলো সরাসরি সম্প্রচার করা হবে কি না, এমন প্রশ্নের জবাবে আব্দুস সালাম মুর্শেদী জানিয়েছেন, ‘পরিবেশ-পরিস্থিতি ভালো থাকলে সবই সম্ভব হবে’।

