ঢাকাTuesday , 17 November 2026
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

সুন্দরবনে বিপুল অস্ত্র-গোলাবারুদ উদ্ধার

Link Copied!

সুন্দরবনে কোস্ট গার্ডের বিশেষ অভিযানে বিপুল পরিমাণ অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার করা হয়েছে। মঙ্গলবার (১৭ নভেম্বর) সকালে খুলনার দাকোপ থানাধীন সুন্দরবনের শিবসা নদীর শরবতখালী খালসংলগ্ন বনের গহীন এলাকা থেকে এসব অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার করা হয়। কোস্ট গার্ড সূত্রে জানা গেছে, সুন্দরবনের সক্রিয় বনদস্যু বাহিনী নির্মূল এবং উপকূলীয় অঞ্চলের নিরাপত্তা নিশ্চিত করতে বাংলাদেশ কোস্ট গার্ডের নেতৃত্বে ‘অপারেশন রিস্টোর পিস ইন সুন্দরবন’ ও ‘অপারেশন ম্যানগ্রোভ শিল্ড’ নামে দুটি বিশেষ অভিযান চলমান রয়েছে। এরই ধারাবাহিকতায় গোপন সংবাদের ভিত্তিতে জানা যায়, একটি ডাকাতদল ডাকাতির উদ্দেশ্যে শরবতখালী খালসংলগ্ন বনের গহীনে বিপুল পরিমাণ অস্ত্র ও গোলাবারুদ মজুত করে রেখেছে। প্রাপ্ত তথ্যের ভিত্তিতে মঙ্গলবার সকাল ১০টার দিকে কোস্ট গার্ড বেইস মোংলা ও বিসিজি আউটপোস্ট নলিয়ানের সদস্যরা ওই এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করেন। এ সময় বনের ভেতরে তল্লাশি চালিয়ে অভিনব কায়দায় লুকিয়ে রাখা ১০টি একনলা বন্দুক, ২টি এয়ারগান, ২টি দেশীয় ওয়ান শুটার গান, ৪টি একনলা বন্দুকের পাইপ, ৫৫ রাউন্ড তাজা কার্তুজ, ৩২ রাউন্ড ফাঁকা কার্তুজ, ১৭২ রাউন্ড এয়ারগানের গুলি ও ২টি ওয়াকিটকি সেট উদ্ধার করা হয়। কোস্ট গার্ড আরও জানায়, উদ্ধার হওয়া অস্ত্র ও গোলাবারুদের বিষয়ে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে। পাশাপাশি ডাকাতদলের সদস্যদের শনাক্ত ও আটকের লক্ষ্যে গোয়েন্দা নজরদারি জোরদার এবং টহল কার্যক্রম বৃদ্ধি করা হয়েছে। মঙ্গলবার দুপুরে কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সুমন আল মুকিত এসব তথ্য জানান। তিনি বলেন, সরকারের সুস্পষ্ট নির্দেশনা, সবার সহযোগিতা এবং অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সমন্বিত প্রচেষ্টায় সুন্দরবনকে সম্পূর্ণরূপে দস্যুমুক্ত করা সম্ভব হবে বলে কোস্ট গার্ড আশাবাদী।