স্পোর্টস ডেস্ক : ড্যান কেক তিন ম্যাচ ওয়ানডে সিরিজের প্রথমটিতে জিতে এগিয়ে গেছে বাংলাদেশ। তবে ১৬ বছর পর পাকিস্তানকে হারানোর ম্যাচে নিষেধাজ্ঞার কারণে খেলতে পারেননি নিয়মিত অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা। মনের মধ্যে দেশসেরা এ ডানহাতি পেসারের কিছুটা হলেও দুঃখ আছে। সাকিবের নেতৃত্ব প্রথম ম্যাচ জিতে সিরিজে এগিয়ে যাওয়ায় অপেক্ষা দীর্ঘ করতে চান না মাশরাফি। রোববার পাকিস্তানের বিপক্ষে ম্যাচ জিতে ওয়ানডে সিরিজ নিশ্চিত করতে চান নড়াইল এক্সপ্রেস।
প্রথম ম্যাচে অনেকটা হেসে-খেলে জয় পেয়েছে বাংলাদেশ দল। তাতে করে এবার পাকিস্তান দলটা অনেক দূর্বল দল হিসেবে দেখছেন অনেকে। তাই বলে আজহার আলীর দলকে খাটো করে দেখতে নারাজ মাশরাফি, ‘আমার কাছে এবারকার পাকিস্তান দলকে মোটেও সাধারণ মানের মনে হয়নি। বরং আমরা জিতেছি বলে নয়। বিশ্বকাপে যে বোলিং লাইন ছিল, এবারও সেরকমই। বরং আমার কাছে মনে হয় বিশ্বকাপের চেয়েও ওদের বর্তমান বোলিং লাইন আপ বেশি ভালো।’
কিন্ত বিশ্বকাপ শেষে পাকিস্তানের ওয়ানডে দল থেকে সরে দাঁড়িয়েছেন মিসবাহ-উল-হক ও শহীদ আফ্রিদিরা। এমনকি এবার বাংলাদেশ সফরে আসেনি আহমেদ শেহজাদ। তাতে পাকিস্তানের ব্যাটিং লাইনআপে এর প্রভাব পড়েছে বলে মনে করছেন মাশরাফি।
এ বিষয়ে তিনি বলেন, ‘ব্যাটিংয়ে মিসবাহ বা আহমেদ শেহজাদ নাই, এ ছাড়া আফ্রিদি নেই; আফ্রিদি অনেকবার আমাদের সঙ্গে গেইম চেঞ্জ করে দিয়েছে, এটা ঠিক। আমার মনে হয় একটা টিম যখন চেঞ্জ হয়, তখন সিনিয়রদের তো অবসর নিতেই হবে। আফ্রিদি বা মিসবাহ অবসর নেওয়ার কারণে ওদের দলে কয়েকজন নতুন খেলোয়াড় এসেছে। নতুন খেলোয়াড় অবশ্য আমাদের দলেও আছে। একটা টিম গুছিয়ে নিতে কিছুদিন সময়তো লাগেই। আমার মনে হয় না ওরা শক্তির দিক থেকে কোনো অংশে কম।’
দ্বিতীয় ম্যাচে জয় দিয়েই সিরিজ নিশ্চিত করতে চায় বাংলাদেশ। তৃতীয় ম্যাচের জন্য অপেক্ষা করতে চান না দেশসেরা ডানহাতি পেসার , ‘আমাদের সামনে দারুণ একটি সুযোগ এসেছে। গতকালের (শুক্রবার) ম্যাচটি পারফেক্ট ম্যাচ ছিলো আমাদের জন্য। কোথাও বড় কোনো ত্রুটি ছিলো না, আমার কাছে মনে হয়। তবে বোলিংটা আরো একটু ভালো হতে পারতো।’
মাশরাফি আরও বলেন, ‘আসলে একটা জিনিস হয়ে গেছে যে, আমরা যখন দেশে খেলি এবং প্রথম ম্যাচ জিতে যাই, তখনই হোয়াইটওয়াশ বা বাংলাওয়াশ নিয়ে কথা উঠে। এগুলো আমার কাছে মনে হয় অতিরিক্ত চাপ। আমরা কোনো সিরিজ খেলতে নামলে প্রত্যেকটি ম্যাচই জেতার চেষ্টা করি। এই মুহূর্তে আমাদের জন্য পরের ম্যাচটি বেশি গুরুত্বপূর্ণ। কারণ এটা জিতলেই আমরা সিরিজ জিতে যাবো। তারপরের ম্যাচেও নিশ্চয় আমরা হারের জন্য নামবো না। আপাতত দ্বিতীয় ম্যাচ নিয়েই ভাবতে চাই।’

