স্পোর্টস ডেস্ক : পাকিস্তানের বিরুদ্ধে শুক্রবার দুর্দান্ত এক সেঞ্চুরি করে অদ্ভুত উদযাপন করেছিলেন তামিম ইকবাল। দুই হাত উপরে তুলে ভঙ্গিটা এমন ছিল, ‘চুপ কর, অনেক হয়েছে’। তবে তামিমের এমন সেঞ্চুরি উদযাপনে অনেক প্রশ্নেরই জন্ম দিয়েছে। তার ব্যাখ্যা অবশ্য তামিম দেননি, দিয়েছেন সতীর্থ আরেক সেঞ্চুরিয়ান মুশফিকুর রহীম।
৭৯ রানের দাপুটে জয়ের পর সংবাদ সম্মেলনে তামিমের উদযাপনের ব্যাখ্যায় মুশফিক বলেন, ‘এটা তো যে কেউই বুঝতে পারবে। শেষ চার-পাঁচ মাস ওকে নিয়ে এতো কথা হচ্ছে। একজন ব্যাটসম্যানের এমন বাজে সময় যেতেই পারে।’ মুশফিকের কথায় স্পষ্ট, দীর্ঘদিন অফ ফর্মে থাকার পর সেঞ্চুরি করায় তামিমের অমন উদযাপন।
তবে অন্যভাবেও তামিমের পাশে থাকছেন মুশফিক। বিশ্বকাপে দল কোয়ার্টার ফাইনালে যাওয়ার ক্ষেত্রেও তামিমের অবদান রয়েছেন বলে জানিয়েছেন তিনি। ‘অনেক বড় ক্রিকেটার আছেন যারা বিশ্বকাপে দুইশ রানও করতে পারেননি। বিশ্বকাপে তামিম স্কটল্যান্ডের বিপক্ষে খুব গুরুত্বপূর্ণ একটি ইনিংস খেলেছে। সেই ম্যাচে টপ অর্ডারে ওই রানটা না পেলে হয়তো জয়টা সম্ভব হতো না। ম্যাচটা হেরে গেলে পরে কিন্তু কোয়ার্টার-ফাইনালে খেলা সম্ভব হতো না’ বলেছেন মুশফিক।
স্কটল্যান্ডের বিপক্ষে তামিমের ৯৫ রানের ইনিংসের ওপর ভর করে বিশ্বকাপে প্রথমবারের মতো তিনশ রানের লক্ষ্য তাড়া করে জিতেছিল বাংলাদেশ।

ছয়টি টেস্ট শতকের অধিকারী তামিম পঞ্চম ওয়ানডে শতক পেয়েছেন। বাঁহাতি এই ব্যাটসম্যানের প্রশংসায় পঞ্চমুখ মুশফিক।
‘আমি বিশ্বাস করি, ওর মতো ব্যাটসম্যান খুব কমই বাংলাদেশে প্রতিষ্ঠিত হয়েছে, কমই আসবে ভবিষ্যতে। সবাই সব সময় সমালোচনা করবেই। ভাল সময়ে কিন্তু কারো সমর্থন প্রয়োজন হয় না, খারাপ সময় প্রয়োজন হয়। উদযাপন যেটা করেছে, ভাল করেছে। আমার এটা পছন্দ হয়েছে। আশা করি, সামনে তামিম আরও বড় বড় ইনিংস খেলবে।’

