রাজধানীর বিভিন্ন এলাকায় গত ২৪ ঘণ্টায় নিয়মিত অভিযান চালিয়ে ৫২৮ জনকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। এ সময় তাদের বিরুদ্ধে বিভিন্ন অপরাধে ৫৩টি মামলা দায়ের করা হয়েছে। বৃহস্পতিবার (৮ অক্টোবর) ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, রাজধানীর বিভিন্ন থানা এলাকায় অভিযান চালিয়ে এই ৫২৮ জনকে গ্রেফতার করা হয়। এর মধ্যে সবচেয়ে বেশি ১০২ জনকে গ্রেফতার করা হয়েছে মিরপুর বিভাগ থেকে। এছাড়া ওয়ারী বিভাগে ৭৫ জন, তেজগাঁও বিভাগে ৭৩ জন, লালবাগ বিভাগে ৬৭ জন, উত্তরা বিভাগে ৬৩ জন, মতিঝিল বিভাগে ৫৩ জন, গুলশান বিভাগে ৫২ জন এবং রমনা বিভাগে ৩৩ জনকে গ্রেফতার করা হয়েছে। পাশাপাশি গোয়েন্দা (ডিবি) পুলিশের অভিযানে ৯ জন এবং সিটিটিসির অভিযানে ১ জনকে গ্রেফতার করা হয়। অভিযানকালে গ্রেফতারকৃতদের কাছ থেকে গাঁজা ও ইয়াবাসহ মাদকদ্রব্য উদ্ধার করা হয়। এছাড়া ১টি বাস, ৯টি মোবাইল ফোন, নন-জুডিশিয়াল স্ট্যাম্প, নগদ অর্থ, ভেজাল ওষুধ ও প্রসাধনী এবং এগুলো তৈরির সরঞ্জাম জব্দ করেছে পুলিশ। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মামলা দায়েরসহ পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে বলেও বিজ্ঞপ্তিতে জানিয়েছে ডিএমপি।

