রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এক যাত্রীর পায়ুপথ থেকে ১ কেজি ২৯০ গ্রাম ওজনের তিনটি ডিম্বাকৃতির স্বর্ণের পেস্ট উদ্ধার করেছে ঢাকা কাস্টমস হাউসের প্রিভেন্টিভ টিম। উদ্ধার করা স্বর্ণের আনুমানিক বাজারমূল্য ১ কোটি ৭৪ লাখ টাকা। বৃহস্পতিবার (৮ অক্টোবর) শারজাহ থেকে আসা এয়ার এরাবিয়ার জি৯-৫১৮ ফ্লাইটের এক যাত্রীর কাছ থেকে এসব স্বর্ণ উদ্ধার করা হয়। ঢাকা কাস্টমস হাউস সূত্র জানায়, স্বর্ণ চোরাচালানের তথ্যের ভিত্তিতে বিমানবন্দরের বিভিন্ন পয়েন্টে নজরদারি করছিল প্রিভেন্টিভ টিম। একপর্যায়ে আরমান উদ্দিন সিদ্দিক নামে এক যাত্রী ইমিগ্রেশন শেষ করে ব্যাগেজ বেল্ট-২ এলাকায় এলে তাকে সন্দেহ হয়। পরে কাস্টমস কর্মকর্তারা তাকে তল্লাশি করেন। তল্লাশির একপর্যায়ে তার পায়ুপথে বিশেষভাবে লুকানো সাদা কসটেপে মোড়ানো তিনটি ডিম্বাকৃতির পেস্ট আকৃতির স্বর্ণের প্যাকেট পাওয়া যায়। প্রতিটির ওজন প্রায় ৪৩০ গ্রাম করে, মোট ওজন ১ কেজি ২৯০ গ্রাম। কাস্টমস কর্মকর্তাদের দাবি, উদ্ধার করা স্বর্ণের বিশুদ্ধতা ২৪ ক্যারেট। স্বর্ণকারের প্রত্যয়ন অনুযায়ী, এসব পেস্ট পরিশোধন করলে আনুমানিক ১ কেজি খাঁটি স্বর্ণ পাওয়া যেতে পারে। যার বাজারমূল্য প্রায় ১ কোটি ৭৪ লাখ টাকা। এ ঘটনায় ওই যাত্রীর বিরুদ্ধে ঢাকা কাস্টমস হাউসের প্রিভেন্টিভ টিমের পক্ষ থেকে ফৌজদারি মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।

