লালমনিরহাট ব্যাটালিয়ন (১৫ বিজিবি)’র বিশেষ অভিযানে পিস্তল, গুলি এবং ক্রিস্টাল মেথ আইস উদ্ধার করা হয়েছে। শনিবার (৩ অক্টোবর) দুপুরে লালমনিরহাট ব্যাটালিয়ন (১৫ বিজিবি)’র কমান্ডিং অফিসার লেফটেন্যান্ট কর্নেল মেহেদী ইমাম পিএসসি এ তথ্য নিশ্চিত করেছেন। লালমনিরহাট ব্যাটালিয়ন (১৫ বিজিবি)-এর দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকায় চলমান গোয়েন্দা তথ্য ভিত্তিক বিশেষ অভিযানের অংশ হিসেবে সীমান্ত দিয়ে অবৈধ পথে অস্ত্র ও মাদকের চোরাচালান হওয়ার সম্ভাবনা সংক্রান্ত গোপন সংবাদের ভিত্তিতে শনিবার (৩ অক্টোবর) রাত আনুমানিক ২টা ৪০মিনিটে লালমনিরহাট ব্যাটালিয়ন (১৫ বিজিবি)-এর কমান্ডিং অফিসার লেফটেন্যান্ট কর্নেল মেহেদী ইমাম পিএসসি-এর নেতৃত্বে একটি বিশেষ টহল দল রামখানা বিওপির আওতাধীন বিভিন্ন স্থানে চেক পয়েন্ট স্থাপন করেন। চেক পয়েন্ট পরিচালনাকালীন বিশ্বস্ত ও নির্ভরযোগ্য সূত্র মোতাবেক কুড়িগ্রাম জেলার নাগেশ্বরী থানার পূর্ব রামখানা আশকোন নগর নামক স্থানে অভিযান পরিচালনা করা হয়। এ সময় বিজিবি টহলদলের উপস্থিতি টের পেয়ে ভারতের সীমান্তের দিক হতে আগত চোরাকারবারিরা বহনকৃত মালামাল ফেলে দৌড়ে সীমান্ত অতিক্রম করে ভারতের অভ্যন্তরে পালিয়ে যায়। পরবর্তীতে ঘটনাস্থলে তল্লাশি চালিয়ে পলিথিনে মোড়ানো অবস্থায় ১টি পিস্তল ও ১ রাউন্ড গুলি এবং সন্দেহজনক ১কেজি ক্রিস্টাল মেথ আইস উদ্ধার করা হয়। উদ্ধারকৃত অস্ত্র, গুলি ও মাদকদ্রব্যের আনুমানিক সিজার মূল্য ৫কোটি ১লক্ষ ২শত টাকা। উদ্ধারকৃত অস্ত্র ও গোলাবারুদ নাগেশ্বরী থানায় জমা দেওয়ার কার্যক্রম প্রক্রিয়াধীন একই সাথে ক্রিস্টাল মেথ আইস আসল কিনা তা পরীক্ষার জন্য নমুনা ল্যাবে প্রেরণ করা হচ্ছে। এছাড়াও অস্ত্র ও মাদক চোরাচালানে সংশ্লিষ্টদের শনাক্ত করতঃ আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম চলমান রয়েছে।

