পরিবেশের ভারসাম্য রক্ষা ও হারিয়ে যাওয়া ঐতিহ্যবাহী উদ্ভিদ সংরক্ষণের লক্ষ্যে টাঙ্গাইল শহীদ স্মৃতি পৌর উদ্যানে বিলুপ্তপ্রায় মহুয়া গাছের চারা রোপণ করা হয়েছে। মঙ্গলবার (২৯সেপ্টেম্বর)বেলা ১২টার দিকে পৌরউদ্যানে মহতি এই বৃক্ষরোপণ কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে গাছের চারা রোপণ উদ্বোধন করেন টাঙ্গাইল জেলার জেলা প্রশাসক শরীফা হক। পরিবেশবাদী সংগঠন ‘সবুজ পৃথিবী’র উদ্যোগে আয়োজিত এই কর্মসূচিতে প্রশাসনের বিভিন্ন স্তরের কর্মকর্তা ও স্থানীয় পরিবেশকর্মীরা স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন। অনুষ্ঠানে বিশেষ অতিথি ও অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গের মধ্যে উপস্থিত ছিলেন-টাঙ্গাইল পৌরসভার উপ-সচিব মো:সাইফুল ইসলাম,পৌরসভার প্রধান নির্বাহী কর্মকর্তা মো:আনিছুর রহমান,সবুজ পৃথিবী সংগঠনে’র উপদেষ্টা মনোয়ার মোহাম্মদ, সবুজ পৃথিবী সংগঠনে’র প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক সহিদ মাহমুদ,সবুজ পৃথিবী’র পরিচালক শারমীন আলম প্রমুখ। এছাড়া, বৃক্ষরোপণ শেষে সংক্ষিপ্ত বক্তব্যে জেলা প্রশাসক শরীফা হক পরিবেশ সুরক্ষায় দেশীয় ও বিলুপ্তপ্রায় প্রজাতির গাছ লাগানোর ওপর বিশেষ গুরুত্বারোপ করেন। তিনি বলেন, “মহুয়ার মতো বিলুপ্তপ্রায় গাছ আমাদের প্রকৃতি ও সংস্কৃতির একটি অংশ। প্রকৃতির ভারসাম্য টিকিয়ে রাখতে এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি বাসযোগ্য সবুজ পৃথিবী গড়ে তুলতে এ ধরনের উদ্যোগ অত্যন্ত সময়োপযোগী। পরে অতিথিবৃন্দ পৌর উদ্যানের নির্ধারিত স্থানে মহুয়া গাছের চারা রোপণ করেন এবং সংগঠনের পক্ষ থেকে পরিবেশ রক্ষায় সচেতনতা বৃদ্ধির বিভিন্ন দিক নিয়ে আলোচনা করা হয়।

