ঢাকাWednesday , 30 September 2026
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

ভালুকায় ছেঁড়া বিদ্যুতের তারে জড়িয়ে চাচাতো দুই ভাইয়ের মৃত্যু

Link Copied!

ময়মনসিংহের ভালুকায় কৃষিজমিতে কাজ করতে গিয়ে জমিতে পড়ে থাকা পল্লী বিদ্যুতের ছেঁড়া তারে জড়িয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে চাচাতো দুই ভাইয়ের মৃত্যু হয়েছে। বুধবার (৩০ সেপ্টেম্বর) সকাল পৌনে ১০টার দিকে উপজেলার সদর ইউনিয়নের খারুয়ালী গ্রামে এ ঘটনা ঘটে। নিহতরা হলেন ধনু আকন্দ (৬৫) ও শাহাব উদ্দিন আকন্দ (৬৩)। স্থানীয়দের অভিযোগ, তার ছিঁড়ে মাটিতে পড়ে থাকার বিষয়টি পল্লী বিদ্যুৎ কার্যালয়ে জানানো হলেও দ্রুত ব্যবস্থা নেওয়া হয়নি। পরিবার ও স্থানীয় সূত্রে জানা গেছে, বুধবার সকালে সদর ইউনিয়নের খারুয়ালী গ্রামের মরহুম মজিদ আকন্দের ছেলে ধনু আকন্দ বাড়ির উত্তর পাশের কৃষি জমিতে কাজ করতে যান। সেখানে মাটিতে পড়ে থাকা পল্লী বিদ্যুতের ছেঁড়া তারে জড়িয়ে তিনি বিদ্যুৎস্পৃষ্ট হন। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। ধনু আকন্দের বিদ্যুৎস্পৃষ্ট হওয়ার খবর পেয়ে একই বাড়ির চাচাতো ভাই মরহুম আজিজ আকন্দের ছেলে শাহাব উদ্দিন আকন্দ তাকে উদ্ধারের জন্য ঘটনাস্থলে ছুটে যান। এ সময় তিনি ও ছেঁড়া তারের সংস্পর্শে এসে বিদ্যুৎস্পৃষ্ট হন। পরে স্থানীয়রা আশঙ্কাজনক অবস্থায় শাহাব উদ্দিন আকন্দকে উদ্ধার করে ভালুকা সরকারি হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। স্থানীয় বাসিন্দা ও শিক্ষক মো. জান্নাতুল ইসলাম সোহাগ বলেন, সকাল ৯টার দিকে তিনি পল্লী বিদ্যুতের একটি তার ছিঁড়ে মাটিতে পড়ে থাকতে দেখেন। বিষয়টি তিনি পল্লী বিদ্যুৎ কার্যালয়ে জানিয়েছিলেন। এরপরও তারটি সরানো বা বিদ্যুৎ সংযোগ বন্ধের বিষয়ে দ্রুত কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। এ বিষয়ে ময়মনসিংহ পল্লী বিদ্যুৎ সমিতি-২-এর জেনারেল ম্যানেজার (জিএম) মো. নাসির উদ্দিন বলেন, তিনি ঘটনাটি শুনেছেন। এ ঘটনায় তদন্ত কমিটি করা হচ্ছে। তদন্তে অফিসের কারও অবহেলা পাওয়া গেলে তাঁর বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে। স্থানীয় সূত্রের ভাষ্য অনুযায়ী, ঘটনার আগে ছেঁড়া বিদ্যুতের তারটি জমিতে পড়ে থাকতে দেখা যায়। তবে তারটি কখন ছিঁড়েছিল, কেন ছিঁড়েছিল এবং দুর্ঘটনার সময় বিদ্যুৎ সংযোগ চালু ছিল কি না, সে বিষয়ে বিস্তারিত তথ্য পাওয়া যায়নি। ঘটনার পর স্থানীয়দের মধ্যে উদ্বেগ দেখা দিয়েছে। কৃষিজমি ও জনচলাচলের এলাকায় বিদ্যুতের তার ছিঁড়ে পড়লে দ্রুত বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন ও ঝুঁকিপূর্ণ তার অপসারণের প্রয়োজনীয়তার কথা জানিয়েছেন স্থানীয়রা।