লালমনিরহাট ব্যাটালিয়ন (১৫ বিজিবি)’র বিশেষ অভিযানে ভারতীয় জিরা জব্দ করা হয়েছে। বুধবার (২৩ সেপ্টেম্বর) দুপুরে লালমনিরহাট ব্যাটালিয়ন (১৫ বিজিবি)’র কমান্ডিং অফিসার লেফটেন্যান্ট কর্নেল মেহেদী ইমাম পিএসসি এ তথ্য নিশ্চিত করেছেন। লালমনিরহাট ব্যাটালিয়ন (১৫ বিজিবি)-এর দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকায় চলমান গোয়েন্দা তথ্য ভিত্তিক চোরাচালান বিরোধী অভিযানের অংশ হিসেবে শিমুলবাড়ী ও শিংঝাড় বিওপির টহলদল পৃথক ২টি বিশেষ অভিযান পরিচালনা করে ভারতীয় জিরা জব্দ করেছে। বিশ্বস্ত গোয়েন্দা তথ্যের ভিত্তিতে বিজিবি জানতে পারে যে, চোরাকারবারিরা সীমান্ত দিয়ে বিভিন্ন প্রকার মালামাল চোরাচালানের চেষ্টা করবে। এরই পরিপ্রেক্ষিতে সোমবার (২১ সেপ্টেম্বর) দুপুর ১২টা ২০মিনিটে শিমুলবাড়ী বিওপির আওতাধীন কুড়িগ্রাম জেলার ফুলবাড়ী থানার জুম্মারপাড় এবং মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) বিকাল ৫টা ৫৫মিনিটে শিংঝাড় বিওপির আওতাধীন কুড়িগ্রাম জেলার ভুরুঙ্গামারী থানার আমবাড়ী নামক স্থানে পৃথক ২টি বিশেষ অভিযান পরিচালনাকালে বিজিবি টহলদলের সদস্যরা সন্দেহজনক ব্যক্তিদের আসতে দেখে তাদের গতিবিধি লক্ষ্য করে ধাওয়া করলে চোরাকারবারিরা বহনকৃত মালামাল ফেলে দৌড়ে সীমান্ত অতিক্রম করে ভারতের অভ্যন্তরে পালিয়ে যায়। পরবর্তীতে ঘটনাস্থলে তল্লাশি চালিয়ে শিমুলবাড়ী বিওপির এলাকা হতে ভারতীয় জিরা ২০কেজি এবং ১টি বাই সাইকেল ও শিংঝাড় বিওপির এলাকা হতে ২৭কেজি ভারতীয় জিরা জব্দ করতে সক্ষম হয়। লালমনিরহাট ব্যাটালিয়ন (১৫ বিজিবি)-এর অধিনায়কের পক্ষ থেকে জানানো হয়, জব্দকৃত ভারতীয় জিরা ৪৭কেজি, যার সিজার মূল্য ৪৭হাজার টাকা এবং বাই সাইকেল ১টি যার সিজার মূল্য ৫হাজার টাকাসহ সর্বমোট সিজার মূল্য ৫২হাজার টাকা। এছাড়াও, চোরাচালান চক্রের সংশ্লিষ্ট চোরাকারবারীদের শনাক্ত করতে প্রয়োজনীয় তথ্য সংগ্রহ করা হচ্ছে এবং তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

