দীর্ঘ ১৯ বছরের অপেক্ষার অবসান ঘটিয়ে নির্বাচনী আমেজে ফিরছে মোংলা বন্দর বণিক সমিতি। আগামী ১২ অক্টোবর ২০২৬ অনুষ্ঠিত হবে সংগঠনটির দ্বিবার্ষিক সাধারণ নির্বাচন। নির্বাচনকে ঘিরে ইতোমধ্যে প্রার্থীদের মনোনয়নপত্র সংগ্রহের মধ্য দিয়ে মোংলা বন্দরনগরীর ব্যবসায়ী মহলে শুরু হয়েছে উৎসাহ-উদ্দীপনা। মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) সকাল থেকে বিভিন্ন পদে প্রার্থীরা মনোনয়নপত্র সংগ্রহ করেন। নির্বাচন পরিচালনা কমিটির প্রকাশিত তালিকায় সভাপতি, সহ-সভাপতি, সাধারণ সম্পাদক, সহ-সাধারণ সম্পাদক, সাংগঠনিক সম্পাদক, প্রচার সম্পাদক, কোষাধ্যক্ষ ও সদস্য পদে মোট ৩৭ জন প্রার্থীর নাম রয়েছে।
তালিকা অনুযায়ী, সভাপতি পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন ৪ জন—মো. আলমগীর হোসেন, মো. সেলিম মিয়া, মো. হাবিবুর রহমান মাষ্টার ও মো. হারুন অর রশিদ। সহ-সভাপতি পদে ৪ জন—মো. আনোয়ার হোসেন, মো. কামরুল হাসান খোকন, মো. নজরুল ইসলাম ও মো. সেলিম হাওলাদার। সাধারণ সম্পাদক পদে ৫ জন—মো. আক্তার হোসেন, মো. আলমগীর শিকদার, চৌধুরী মাহমুদ হাসান, মো. জালিম উদ্দিন খলিফা ও মো. মনিরুজ্জামান মল্লিক। সহ-সাধারণ সম্পাদক পদে ৫ জন—মো. আরিফ হোসেন, মো. জাহিদ মোল্লা, মো. মহিউদ্দিন, মো. শহিদুল ইসলাম ও মো. সেলিম হোসেন। এ ছাড়া সাংগঠনিক সম্পাদক পদে মো. শাহজালাল সাবির ও মো. মহসিন পাটোয়ারী; প্রচার সম্পাদক পদে মো. আনোয়ার হোসেন কাফন ও মো. মাসুম বিল্লাহ এবং কোষাধ্যক্ষ পদে মো. আশরাফুল ইসলাম (টিপু) ও মো. বাদল মৃধা মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। পাশাপাশি সদস্য পদে রয়েছেন ১৩ জন প্রার্থী। নির্বাচন পরিচালনা কমিটির তথ্য অনুযায়ী, মোংলা বন্দর বণিক সমিতির মোট ভোটার সংখ্যা ১ হাজার ২৯ জন।দীর্ঘদিন পর নির্বাচন অনুষ্ঠিত হওয়ায় ব্যবসায়ী মহলে তৈরি হয়েছে উৎসাহ-উদ্দীপনা। মনোনয়নপত্র সংগ্রহের মধ্য দিয়ে প্রার্থীদের প্রচার-প্রচারণা ও সমর্থন আদায়ের তৎপরতাও শুরু হয়েছে। ব্যবসায়ীদের অধিকার ও স্বার্থ সংরক্ষণ, সংগঠনের কার্যক্রমকে আরও গতিশীল করা এবং ব্যবসায়ীদের বিভিন্ন সমস্যা সমাধানের প্রত্যাশা নিয়ে প্রার্থীরা ভোটের মাঠে নেমেছেন। আগামী ১২ অক্টোবর ভোটগ্রহণের মধ্য দিয়ে নির্বাচিত হবে মোংলা বন্দর বণিক সমিতির নতুন নেতৃত্ব। দীর্ঘ ১৯ বছর পর নির্বাচন হওয়ায় প্রার্থী ও ভোটারদের মধ্যে এ নির্বাচন নিয়ে ব্যাপক আগ্রহ তৈরি হয়েছে।

