রাজধানীর উত্তরায় এক আবাসন কোম্পানির হিসাবরক্ষকের কাছ থেকে অস্ত্র ঠেকিয়ে দুই লাখ টাকা ছিনতাই করার অভিযোগ পাওয়া গেছে।
বৃহস্পতিবার (২৭ আগস্ট) সকাল পৌনে ১০টার দিকে উত্তরা-১১ নম্বর সেক্টরে সোনারগাঁও জনপদ সড়কের ডেলিসিয়াস কফি শপের সামনে এ ঘটনা ঘটে।
সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, নূর নাফি ডেভেলপারস লিমিটেড কোম্পানির সহকারী হিসাবরক্ষক নাদিম আহমেদ সুজন ১১ নম্বর সেক্টরের অফিস থেকে জনতা ব্যাংকে টাকা জমা দেওয়ার জন্য রিকশায় করে যাচ্ছিলেন। পথে এক ব্যক্তি রিকশা থামানোর জন্য সংকেত দেন। রিকশা থামানোর পর আরও তিনজন আসেন। এরপর একজন পিস্তল ঠেকিয়ে নিজেকে ‘পিস্তল বাবু’ পরিচয় দিয়ে সুজনের সঙ্গে থাকা দুই লাখ এক হাজার টাকা ছিনিয়ে নিয়ে দ্রুত ঘটনাস্থল থেকে পালিয়ে যান।
আবাসন কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক (এমডি) মো. মনির হোসেন বলেন, সুজন অফিস থেকে টাকা নিয়ে রাজউকের ফি জমা দিতে উত্তরা ৬ নম্বর সেক্টরে জনতা ব্যাংকে যাওয়ার পথে ছিনতাইয়ের শিকার হন। এ বিষয়ে থানায় অভিযোগ করার প্রস্তুতি চলছে।
এ বিষয়ে উত্তরা পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খালিদ মনসুর বলেন, ‘পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। আমাদের কাছে এখনো কেউ লিখিত অভিযোগ দেননি। লিখিত অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা নেবো।

