হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল পরিচালনা ও রক্ষণাবেক্ষণের দায়িত্ব নিতে জাপানি প্রতিষ্ঠান ‘সাব ওয়ার্কিং গ্রুপ’ প্রস্তাব জমা দিয়েছে। মঙ্গলবার (২৫ আগস্ট) দুপুরে বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) সদর দপ্তরে প্রতিষ্ঠানটির পক্ষ থেকে প্রস্তাবটি জমা দেওয়া হয়।
জাপানি প্রতিষ্ঠানের প্রতিনিধি মাসাহিরু হিরাই বেবিচক চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল মো. মোস্তফা মাহমুদ সিদ্দিকের কাছে প্রস্তাবটি হস্তান্তর করেন। এসময় বেবিচকের অন্যান্য সদস্য ও জাপানি প্রতিনিধিদলের অন্য সদস্যরা উপস্থিত ছিলেন।
প্রস্তাবের সঙ্গে জাপানি প্রতিষ্ঠানটি কারিগরি ও আর্থিক প্রস্তাবসংবলিত পৃথক নথি জমা দিয়েছে। দাখিল করা প্রস্তাবগুলো বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয় গঠিত প্রস্তাব মূল্যায়ন কমিটি নির্ধারিত পদ্ধতিতে যাচাই করবে। কমিটিতে বেবিচকের প্রশাসন সদস্য, পরিচালনা ও পরিকল্পনা সদস্য, অর্থ মন্ত্রণালয়, বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়, প্রধানমন্ত্রীর কার্যালয়, সরকারি-বেসরকারি অংশীদারত্ব (পিপিপি) কর্তৃপক্ষ এবং সড়ক ও জনপথ অধিদপ্তরের প্রতিনিধিরা রয়েছেন।
মূল্যায়ন প্রক্রিয়ায় প্রথমে কারিগরি প্রস্তাব যাচাই করা হবে। এরপর মূল্যায়ন করা হবে আর্থিক প্রস্তাব। উভয় প্রস্তাব মূল্যায়নের পর প্রয়োজনীয় আলোচনা ও দর-কষাকষি বা সমঝোতা প্রক্রিয়া সম্পন্ন করা হবে। সমঝোতা সফলভাবে শেষ হলে নির্ধারিত প্রক্রিয়া অনুসরণ করে চুক্তি স্বাক্ষরের তারিখ চূড়ান্ত করা হবে।
হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল দেশের বিমান খাতের অন্যতম বৃহৎ ও গুরুত্বপূর্ণ অবকাঠামো প্রকল্প। আধুনিক প্রযুক্তি, আন্তর্জাতিক মানের যাত্রীসেবা এবং দক্ষ পরিচালনা ও রক্ষণাবেক্ষণ ব্যবস্থার মাধ্যমে দেশের এভিয়েশন খাতকে আরও শক্তিশালী ও বিশ্বমানের পর্যায়ে উন্নীত করতে টার্মিনালটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে।

