জার্মান কাপের ম্যাচে দুই চিরপ্রতিদ্বন্দ্বী ভালসহফ ম্যানহাইম ও কাইজারস্লাউটার্নের লড়াই ফুটবল মাঠ ছাড়িয়ে পরিণত হলো রণক্ষেত্রে। দর্শকদের চরম দাঙ্গা এবং পুলিশের সঙ্গে সংঘর্ষে ৩৫ জন নিরাপত্তাকর্মীসহ মোট ৮৫ জন আহত হয়েছেন।
শুক্রবার রাতে উচ্চ-ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত এই ডার্বি ম্যাচটিতে শুরু থেকেই টানটান উত্তেজনা ছিল। দুই শহরের দূরত্ব মাত্র ৫০ কিলোমিটার হওয়ায় সমর্থকদের ঐতিহাসিক শত্রুতা আগেই সহিংসতার আশঙ্কা বাড়িয়ে দিয়েছিল। নির্ধারিত ৯০ মিনিটের খেলা ০-০ গোলে শেষ হওয়ার পর গ্যালারিতে ছড়িয়ে পড়ে সহিংসতা।
পুলিশ জানায়, কাইজারস্লাউটার্ন সমর্থকেরা মূল স্ট্যান্ডের দিকে ফ্লেয়ার ছুড়লে ক্ষিপ্ত হয়ে ম্যানহাইমের সমর্থকেরা মাঠ দখল করে নেন। বিশৃঙ্খলা থামাতে প্রায় ১৪শ দাঙ্গা পুলিশ মাঠে নামে এবং সমর্থকদের গ্যালারিতে ফেরত পাঠায়। প্রায় আধঘণ্টা বন্ধ থাকার পর খেলা আবারও শুরু হলে ১২০তম মিনিটে গোল করে রোমাঞ্চকর জয় তুলে নেয় কাইজারস্লাউটার্ন।
ম্যানহাইম পুলিশের বিবৃতিতে বলা হয়েছে, সংঘর্ষে ৩৩ জন ফেডারেল পুলিশ ও ২ জন রাজ্য পুলিশ কর্মকর্তা সামান্য আহত হয়েছেন। ৮৫ জনকে প্রাথমিক চিকিৎসা দিতে হয়েছে এবং গুরুতর ৮ জনকে হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।
মাঠের এই নজিরবিহীন সহিংসতার পর জার্মান কর্তৃপক্ষ একাধিক তদন্ত শুরু করেছে। পুলিশের ওপর হামলা, স্টেডিয়ামের ক্ষতি, শৃঙ্খলা বিনষ্ট এবং বিস্ফোরক আইন লঙ্ঘনের অভিযোগে বেশ কয়েকটি মামলা দায়েরের প্রক্রিয়াও শুরু হয়েছে।

