অধ্যাপক ড. মো. ছগীর আহমেদের ‘জাতীয় মৎস্য পদক-২০২৬ (স্বর্ণপদক)’ অর্জনে ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) পরিবার অত্যন্ত গর্বিত বলে মন্তব্য করেছেন উপাচার্য অধ্যাপক ড. এ বি এম ওবায়দুল ইসলাম।
অধ্যাপক ছগীর সোমবার (১৭ আগস্ট) উপাচার্যের সঙ্গে তার কার্যালয়ে সাক্ষাৎ করতে গেলে তিনি এ মন্তব্য করেন। এসময় বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. মোহাম্মদ আলমোজাদ্দেদী আলফেছানী উপস্থিত ছিলেন।
মৎস্যসম্পদ গবেষণায় অসামান্য অবদানের স্বীকৃতি হিসেবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রাণিবিদ্যা বিভাগের অধ্যাপক ছগীর জাতীয় মৎস্য পদক লাভ করেছেন। রোববার (১৬ আগস্ট) কিশোরগঞ্জের কটিয়াদী উপজেলার আচমিতা জর্জ ইনস্টিটিউট মিনি স্টেডিয়াম মাঠে জাতীয় মৎস্যপক্ষের উদ্বোধনী অনুষ্ঠানে তার হাতে পদক তুলে দেওয়া হয়। তিনি ‘মৎস্যসম্পদ গবেষক ও বিজ্ঞানী’ ক্যাটাগরিতে এ পদক অর্জন করেন।
জাতীয় মৎস্যপক্ষের উদ্বোধনী অনুষ্ঠানে অধ্যাপক ড. মো. ছগীর আহমেদের হাতে পদক তুলে দেওয়া হয়
সাক্ষাৎকালে উপাচার্য ওবায়দুল ইসলাম অধ্যাপক ছগীরকে আন্তরিক অভিনন্দন জানান। তিনি বলেন, তার এ অর্জনে ঢাকা বিশ্ববিদ্যালয় পরিবার অত্যন্ত গর্বিত।
উপাচার্য আশা প্রকাশ করেন, পরিবেশ সংরক্ষণ ও দেশের মৎস্যখাতের উন্নয়নে অধ্যাপক ছগীর ভবিষ্যতেও তার গবেষণা কার্যক্রম অব্যাহত রাখবেন এবং ঢাকা বিশ্ববিদ্যালয়সহ দেশের জন্য আরও সুনাম বয়ে আনবেন।
অধ্যাপক ছগীর বর্তমানে ন্যাশনাল ইনস্টিটিউট অব বায়োটেকনোলজির মহাপরিচালক হিসেবে প্রেষণে দায়িত্ব পালন করছেন।
এ বছর ‘রূপালি মৎস্য, স্বনির্ভর দেশ, সবার আগে বাংলাদেশ’ প্রতিপাদ্যকে সামনে রেখে জাতীয় মৎস্যপক্ষ পালিত হচ্ছে।

