সরকার ১৮০ দিনের হানিমুন পিরিয়ড শেষ করছে বলে মন্তব্য করেছেন শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন। তিনি বলেন, ‘আমরা হানিমুন পিরিয়ডটা শেষ করেছি। এ সময়ের মধ্যে আমরা বিভিন্ন সমস্যা চিহ্নিত করেছি।’
সোমবার (১৭ আগস্ট) সকালে কিউএস বাংলাদেশ ফোরাম অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
শিক্ষামন্ত্রী বলেন, ‘কিউএস রেটিং উন্নত দেশগুলোর বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যেই শুধু কেন করে? সার্কভুক্ত দেশের মধ্যে কেন না? সেটা করলে আমরাও এগিয়ে থাকতাম।’
এহছানুল হক মিলন বলেন, ‘প্রাইভেট বিশ্ববিদ্যালয়গুলোতে কেন এতদিনে পিএইচডি ডিগ্রি চালু করতে পারল না? শেষ ২০ বছর মুখ বন্ধ করেছিলেন?’
মন্ত্রী আরও বলেন, ‘আমাদের বিশ্ববিদ্যালয়গুলোতেও অনেক গবেষক আছেন, যারা অন্য দেশের বিনির্মাণে নিজের জ্ঞান ঢেলে দেন। কিন্তু আমরা তাদের খুঁজে বের করতে পারি না। এটা আমাদের ব্যর্থতা। এদিকে আমরা দৃষ্টি দিচ্ছি।’
তিনি বলেন, ‘দেশের বিশ্ববিদ্যালয়গুলোর গবেষণা সক্ষমতা বাড়ানো এবং মেধাবী গবেষকদের দেশে কাজে লাগানোর বিষয়ে সরকার গুরুত্ব দিয়ে কাজ করছে।’

