ঢাকাSunday , 16 August 2026
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

পাকিস্তানি চর সন্দেহে পশ্চিমবঙ্গে আরও ৪ জন গ্রেফতার

Link Copied!

পাকিস্তানি চর সন্দেহে আরও চারজন গ্রেফতার করেছে পশ্চিমবঙ্গ পুলিশের স্পেশাল টাস্ক ফোর্স (এসটিএফ)। তারা জানিয়েছে, কোচবিহার থেকে তিনজনকে গ্রেফতার করা হয়েছে। অন্যদিকে রাজ্য পুলিশের এসটিএফ ও কর্ণাটক পুলিশের যৌথ অভিযানে বেঙ্গালুরু থেকে গ্রেফতার করা হয়েছে আরও একজনকে।

পুলিশ সূত্রে জানা গেছে, বেঙ্গালুরু থেকে গ্রেফতার যুবকের নাম আশরাফুল মালিক। তার বাড়ি পশ্চিমবঙ্গের বাদুড়িয়া থানার যশাইকাটি-আটঘরা গ্রাম পঞ্চায়েতের নোয়াপাড়ায়। তিনি তেহরিক-ই-তালেবান পাকিস্তানের (টিটিপি) সক্রিয় সদস্য বলে সন্দেহ করা হচ্ছে।

অন্যদিকে, কোচবিহারের সাহেবগঞ্জ থেকে গ্রেফতার করা হয়েছে রশিদুল হক, শফিকুল ইসলাম ও নূর নাসিরউদ্দিন আলীকে। তাদের মধ্যে শফিকুল ইসলামের বাড়ি বিহারের কিশনগঞ্জে।

এসটিএফ সূত্রের দাবি, গ্রেফতার এই তিনজন পাকিস্তানের গোয়েন্দা সংস্থা ইন্টার-সার্ভিসেস ইন্টেলিজেন্সের (আইএসআই) এজেন্ট হিসেবে কাজ করতেন। তাদের বিরুদ্ধে ভারতীয় সিম কার্ড বাংলাদেশ ও পাকিস্তানে পাচারের অভিযোগ রয়েছে।

এ ছাড়া তারা জাল নোটের কারবার এবং বাংলাদেশে বিভিন্ন ধরনের অবৈধ চোরাচালানের সঙ্গে যুক্ত ছিলেন বলে অভিযোগ করেছে এসটিএফ।

তবে এসব অভিযোগের বিষয়ে আদালতে প্রমাণ এবং তদন্তের ফলাফল এখনো সামনে আসেনি।

‘আশরাফুল খুব ভালো ছেলে’
আশরাফুল মালিকের গ্রামের বাসিন্দারা তাকে ভালো ও ভদ্র ছেলে হিসেবে বর্ণনা করেছেন। স্থানীয় এক বাসিন্দা বলেন, এলাকায় আশরাফুলের বিরুদ্ধে কোনো অভিযোগ তারা কখনো শোনেননি। তিনি সব সময় পড়াশোনা নিয়ে ব্যস্ত থাকতেন।

ওই ব্যক্তি বলেন, তারা শুনেছেন আশরাফুল একটি কোম্পানিতে কাজ করতেন। সেখান থেকে পুলিশ তাকে গ্রেফতার করেছে। তবে কী কারণে তাকে গ্রেফতার করা হয়েছে, সে বিষয়ে তারা কিছু বলতে পারছেন না।

আশরাফুলের মা হাফিজা বিবি জানান, তার ছেলে বেঙ্গালুরুর একটি কোম্পানিতে চাকরি করতেন। সেখান থেকেই পুলিশ ফোন করে তার ছেলেকে গ্রেফতারের কথা জানায়।

তিনি বলেন, আশরাফুল বেঙ্গালুরুর একটি কোম্পানিতে নিরাপত্তারক্ষী হিসেবে কাজ করতেন।

পরপর গ্রেফতারে উদ্বেগ
কয়েকদিন আগে পাকিস্তানি গুপ্তচর সন্দেহে পশ্চিমবঙ্গের উত্তর ২৪ পরগনা জেলার হাবড়া থেকে রানা রউফ ওরফে ওয়াহাব আলমকে গ্রেফতার করা হয়েছিল। এভাবের পশ্চিমবঙ্গে পরপর কয়েকজনকে পাকিস্তানি চর বা জঙ্গি সন্দেহে গ্রেফতারের ঘটনায় রাজ্য প্রশাসনের মধ্যে উদ্বেগ তৈরি হয়েছে।

গ্রেফতা ব্যক্তিদের সঙ্গে কোনো আন্তর্জাতিক চক্রের যোগাযোগ রয়েছে কি না, তাদের বিরুদ্ধে ওঠা অভিযোগের সত্যতা কতটা এবং তাদের কার্যক্রমের পরিধি কতদূর ছিল—এসব বিষয় খতিয়ে দেখছে তদন্তকারী সংস্থাগুলো।